ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুই ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১ টা ৮ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের মধুমতি মডেল টাউনের সামনে মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সাভার ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মাইনুল রিয়াদ বলেন, “বেলা ১ টা ৮ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সাভার ফায়ার স্টেশনের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এসময় ফায়ার সার্ভিসের চেষ্টায় ২ টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।“
তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়িতে শর্ট সার্কিটের কারণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানান তিনি।



