নোয়াখালী সদর উপজেলায় ৫ অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে ২টি পাইপগান, ১টি রামদা, ২টি ছুরি, ৭টি মোবাইল ফোন জব্দ করা হয়।
সোমবার (২৮ অক্টোবর) ভোরে উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হলেন- সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবুল কালাম ওরফে কালন ও তার অনুসারী মেহরাজ (৪৬), মো. লিটন (৩২), মো. সাদ্দাম (২৬) ও আবির মিয়া (১৮)।
সোমবার দুপুরে নোয়াখালী সেনা ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, কিছুদিন আগে যুবদল নেতা কালন কয়েকটি অবৈধ আগ্নেয়াস্ত্র তার অনুসারীদের কাছে রাখতে দেন। পরে তার অনুসারীরা ওই আগ্নেয়াস্ত্র নিয়ে ভিডিও বানিয়ে টিকটকে ছেড়ে দেন। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। সেই ভিডিওর সূত্র ধরে আবির, সাদ্দামসহ কয়েকজনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী । পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে যুবদল নেতা কালনকে গ্রেপ্তার করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার জানান, গ্রেপ্তারকৃত ৫ জনকে সুধারাম মডেল থানায় সোপর্দ করা হয়েছে।



