ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বাসের ভাড়া ৫৫ টাকা থেকে কমিয়ে ৪৫ টাকা, শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া এবং এসি বাসসহ সব রুটে যৌক্তিক ভাড়ার দাবিতে মশাল মিছিল করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম।
শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর চাষাড়া কেন্দ্রীয় শহিদ মিনার থেকে মশাল মিছিলটি শুরু হয়ে বঙ্গবন্ধু সড়ক ও কেন্দ্রীয় বাস টার্মিনাল প্রদক্ষিণের পর কালীর বাজার হয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।
এর আগে সমাবেশে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, “৫ আগস্টের পর গডফাদাররা পালিয়ে গেলেও তাদের রেখে যাওয়া উচ্ছিষ্টদের জন্য বাস মালিক নামধারী চাঁদাবাজরা পরিবহন সেক্টরকে জিম্মি করে রেখেছে। আগামী ১৫ নভেম্বরের মধ্যে যৌক্তিক দাবি ৫৫ টাকা থেকে কমিয়ে ৪৫ টাকা ও এসি বাসের ভাড়া ৬৫ টাকা করা না হলে ১৭ নভেম্বর নারায়ণগঞ্জে আধাবেলা হরতাল কর্মসূচি পালন করা হবে।”
মশাল মিছিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি নূর উদ্দিন আহমেদ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ধীমান সাহা জুয়েল ও কমিউনিস্ট পার্টি জেলা সভাপতি হাফিজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, ঢাকা-নারায়ণগঞ্জ রোডে সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ১৭ কিলোমিটারের ভাড়া দীর্ঘদিন যাবত যাত্রীদের কাছ থেকে ৫৫ টাকা আদায় করছেন বাস মালিকরা। এ রুটে প্রতিদিন ৬০ হাজার মানুষ যাতায়াত করেন। সরকার পর্যায়ক্রমে ডিজেলের দাম কমানোর পরও বিআরটিএ এবং বাস মালিকরা এই রুটে ভাড়া সমন্বয় করছেন না।



