পঞ্চগড়ের সীমান্ত এলাকা থেকে ওয়াসিম নামে এক কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে।
বুধবার (১৮ ডিসেম্বর) সদর উপজেলার অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্তের মেইন পিলার (৭৪৬) এলাকা থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়।
তাকে দেশে ফেরাতে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ওয়াসিমের বাড়ি সেনপাড়া এলাকায়। সে ওই এলাকার রেজাউল করীমের ছেলে।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, সেনপাড়া সীমান্ত দিয়ে ৪-৫ জন কিশোর অবৈধ উপায়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় বিএসএফের ৪৬ ব্যাটালিয়নের গোড়ালবাড়ী ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করেন। সবাই পালিয়ে এলেও বিএসএফের হাতে ধরা পড়ে ওয়াসিম। পরে তাকে গোড়ালবাড়ি ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের টোকা পাড়া ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার শফিকুল ইসলাম বলেন, ‘‘ওই কিশোরকে দেশে ফেরাতে কোম্পানি কমান্ডার পর্যায়ে আলোচনা হচ্ছে। আশা করছি রাতেই তাকে দেশে ফেরানো হবে।’’
ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা বলেন, ‘‘ভারতে অনুপ্রবেশ রোধে আমরা সীমান্তবর্তী মানুষের মাঝে জনসচেতনামুলক সভা করছি। কেউ যাতে অবৈধ উপায়ে সীমান্ত অতিক্রমের চেষ্টা না করে সেজন্য তাদের বোঝানো হচ্ছে।’’



