রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের সাজেক ভ্যালি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সাজেকের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি দৃশ্যাবলি, এবং শান্ত পরিবেশের জন্য পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। প্রতিবছরের ন্যায় এবছরেও পর্যটন মৌসুমে ব্যাপক দর্শনার্থী ভিড় করছেন সাজেকে। অতিরিক্ত পর্যটক আসায় ইতোমধ্যে সাজেকের রিসোর্ট ও কটেজের কক্ষগুলো আগাম বুকিং হয়ে গেছে।
রিসোর্ট-কটেজ মালিকরা জানিয়েছেন, বুকিং না দিয়ে আসলে পর্যটকদের স্থানীয় বাড়িঘরে, স্টোররুমে বা গাড়িতে রাত কাটাতে হবে, অন্যথায় খাগড়াছড়ি ফিরে যেতে হবে।
জানা গেছে, ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে সাজেকের রুইলুই ভ্যালিতে পর্যটকদের আনাগোনা শুরু হয়। গত এক সপ্তাহে পর্যটকদের বুকিং এতটাই বেড়েছে যে, শুক্রবারের জন্য সব কক্ষ ভাড়া হয়ে গেছে। বিশেষত, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ছুটিতে রিসোর্টের সব কক্ষ ভাড়া হয়ে যায়।
সাজেক হিল ভিউ রিসোর্টের মালিক ইন্দ্রজিৎ চাকমা জানান, তার রিসোর্টে ১০টি কক্ষ রয়েছে, এবং তিন দিন আগে সব কক্ষই ভাড়া হয়ে গেছে। তিনি বলেন, “অনেক পর্যটক ফোনে কক্ষ বুকিং দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু আমি তাদের কক্ষ দিতে পারছি না।”
সাজেক রুইলুই পর্যটনকেন্দ্রের রিসোর্ট-কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ বলেন, “আমাদের ১১৫টি রিসোর্ট-কটেজে এখন কোনো কক্ষ খালি নেই। এক সপ্তাহ আগে থেকেই আগাম বুকিং নেওয়া হচ্ছিল। ১৬ ডিসেম্বরের ছুটিতে অনেক পর্যটক কক্ষ না পেয়ে ফিরে গেছেন।”



