Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

চাঁদা না পেয়ে জামায়াত নেতার পায়ের রগ কেটে দিলো দুর্বৃত্তরা

এ সময় দুর্বৃত্তরা তার হাতও ভেঙে দিয়েছে

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৪২ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে দাবিকৃত চাঁদা না পেয়ে জামায়াতে ইসলামীর এক নেতার পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় দুর্বৃত্তরা তার হাত ভেঙে দিয়েছে বলেও জানা গেছে। এ সময় মারধরে আহত হয়েছেন আরও একজন।

রবিবার (২২ ডিসেম্বর) গভীর রাতে সীতাকুণ্ড পৌরসভার ডেপারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জামায়াত নেতার নাম আবুল কালাম আজাদ। তিনি সীতাকুণ্ড পৌরসভার ৬ নং ওয়ার্ড জামায়াতের যুব বিভাগের সভাপতির দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।

ভুক্তভোগী আবুল কালাম আজাদ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি জানান, তার মুরগি ফার্মে রবিবার রাত ৩টার সময় একটি পিকআপ ভ্যান মুরগি নিতে আসে। এ সময় কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত এসে দেড় লাখ টাকা চাঁদা দাবি করে। পরে চাঁদাবাজরা মুরগি নিতে আসা পিকআপ ভ্যানচালককে মারধর করে। প্রতিবাদ করলে তাকে রড দিয়ে পিটিয়ে আহত করে। একপর্যায়ে তার ডান পায়ের রগ কেটে দেয় ও বাম হাত ভেঙে দেয় চাঁদাবাজরা।

এ বিষয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ তাহের বলেন, “আবুল কালাম স্থানীয় চাঁদাবাজ চক্রের পরিকল্পিত হামলার শিকার।” তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবি জানান।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মজিবুর রহমান জানান, তিনি ঘটনার বিষয়টি লোকমুখে শুনেছেন। তবে এ বিষয়ে থানায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

   

About

Popular Links

x