Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ, আলুক্ষেতে মিললো মরদেহ

আব্দুল মালেক বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ০৪:৫৫ পিএম

জয়পুরহাটের কালাই উপজেলার কুজাইল করিমপুর গ্রামের আলুক্ষেত থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুল মালেক খান ফটু (৬৫) পাশের বেগুনগ্রাম ফাজিল মাদ্রাসার পিয়ন ছিলেন।

শুক্রবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার জিন্দাপুর ইউনিয়নের করিমপুর গ্রামের কুজাইল দিঘী বড়কোদাল মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের পরিবারের বরাতে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, “আব্দুল মালেক বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। পরে রাতে তিনি বাড়ি না ফেরায় তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি পরিবারের লোকজন।”

তিনি বলেন, “সকালে কৃষকরা মাঠের মধ্যে আলু ক্ষেতে তার লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা গিয়ে লাশ সনাক্ত করেন। এ সময় মালেকের মোটরসাইকেলটি রাস্তার পাশে পড়ে ছিল।”

নিহতের ছেলে সিদ্দিকুর রহমান বলেন, “আমার বাবা মোটরসাইকেল নিয়ে চৌমুহনী বাজারে গিয়ে রাতে আর ফেরেনি। থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানানোর পর ফিরে শুনতে পাই, আলু ক্ষেতে তার লাশ পড়ে আছে। আমার বাবা সুস্থ ছিল। কে বা কারা তাকে হত্যা করে লাশ আলু ক্ষেতে ফেলে গেছে। এই হত্যাকাণ্ডের বিচার চাই।”

ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে ওসি জাহিদ হোসেন জানান।

   

About

Popular Links

x