Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইসি সানাউল্লাহ: ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি চলছে

সানাউল্লাহ বলেন, ‘পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই নির্বাচনের বিষয়ে কমিশন কাজ করছে’

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০৬:২০ পিএম

নির্বাচন কখন হবে; সেটা সরকার নির্ধারণ করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেছেন, “প্রধান উপদেষ্টার নির্দেশনা মোতাবেক ডিসেম্বরকে সামনে রেখেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও রোড ডিগ্রি কলেজ হলরুমে ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ উপলক্ষে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি।

সানাউল্লাহ বলেন, “আমাদের আগামী নির্বাচনের পুরো প্রক্রিয়াটাই হবে স্বচ্ছ। আমরা নির্বাচন কমিশন যদি স্বচ্ছ পাত্র উপহার দিতে পারি, তবে সেই পাত্রে যে পানিই দেওয়া যাক না কেনো; তা স্বচ্ছ রং ধারণ করবে।”

তিনি আরও বলেন, “পূর্বের বাস্তবতা থেকে আমরা সতর্ক আছি। পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই নির্বাচনের বিষয়ে কমিশন কাজ করছে।”

সংস্কার কার্যক্রম নিয়ে তিনি বলেন, “সংস্কার কার্যক্রম চলমান। তাই জেলা উপজেলাসহ নির্বাচন পরিচালনায় সকল ক্ষেত্রে সংস্কার করা হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে খসড়া তালিকা হয়ে গেলে আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা হয়ে যাবে। ভোটার তালিকা নিয়ে অভিযোগ কাটিয়ে ওঠার জন্য বাড়ি বাড়ি গিয়ে তালিকা হালনাগাদ করা হবে।”

নির্বাচন কমিশনার বলেন, “ভুয়া ভোটার তালিকা, মৃত ভোটারদের উপস্থিতি, বিদেশি নাগরিকদের উপস্থিতি, দ্বৈত ভোটারদের উপস্থিতি, এগুলো কাটিয়ে ওঠার জন্যই ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। কোনো অভিযোগ যাতে না আসে; সে বিষয়ে সতর্ক থেকে কাজ করবে কমিশন।”

তিনি বলেন, “আমাদের প্রত্যাশা হচ্ছে আগামীতে একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য ও প্রশ্নহীন নির্বাচন করার। এ ধরনের নির্বাচনের প্রথম শর্তই হচ্ছে স্বচ্ছ ও সুষ্ঠু ভোটার তালিকা। আগামীতে আর বাড়ি বাড়ি ভোটার করার কাজ না-ও হতে পারে। কারণ ডিজিটাল সেবা পৌঁছে যাচ্ছে। এর পর থেকে ঘরে বসেও ভোটার হওয়ার জন্য আবেদন করা যাবে।”

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাইরুল ইসলাম, উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

   

About

Popular Links

x