Sunday, June 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

ময়মনসিংহ মেডিকেলে শিবির-ছাত্রদল ধাওয়া পাল্টা ধাওয়া

ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫১ পিএম

ময়মনসিংহ মেডিকেল কলেজে (মমেক) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবির কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার সকাল সকাল থেকেই ময়মনসিংহ মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলছিল। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবির কর্মীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে হাতাহাতির ঘটনার একপর্যায়ে ছাত্রদল ও শিবির কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বিষয়টি জানতে পেরে বহিরাগতরাও কলেজ ক্যাম্পাসে ছুটে আসে। পরে পুলিশ ও কলেজ কর্তৃপক্ষের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ওসি আরও জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার নাজমুল হাসান খান বলেন, “এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের ফুল দেওয়াকে কেন্দ্র করে দুই দল শিক্ষার্থীর মাঝে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।”

এদিকে, অভিযোগ অস্বীকার করে ময়মনসিংহ মহানগর ছাত্রশিবিরের সভাপতি শরিফুল ইসলাম খালিদ বলেন, “এ ঘটনায় শিবিরের কোনো কর্মী জড়িত না। এখানে ছাত্রদলের সঙ্গে সাধারণ শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।”

   

About

Popular Links

x