Saturday, June 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাঙ্গামাটিতে হিজড়া ‘লিডার’ শিলাকে গলা কেটে হত্যা

শিলা কাউখালী উপজেলার ‘তৃতীয় লিঙ্গের লিডার’ হিসেবে পরিচিত ছিলেন

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩০ পিএম

রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়াতে শিলা নামের এক হিজড়াকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের নিজ বাসা থেকে তার গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, হিজড়া শিলার বাবার বাড়ি চট্টগ্রাম হাটহাজারিতে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শিলা তৃতীয় লিঙ্গের হওয়াতে নিজ বাড়িতে থাকতেন না। অনেক বছর আগে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নে বসবাস করতেন। শিলা উপজেলার “তৃতীয় লিঙ্গের লিডার” হিসেবে পরিচিত ছিলেন। উপজেলার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান থেকে টাকা উত্তোলন করে জীবিকা নির্বাহ করতেন। তবে শিলা বছর চার/পাঁচ বছর আগে সার্জারি করে শারীরিক পরিবর্তন ঘটানোর পর থেকে তিনি আরেক হিজড়াকে টাকা উত্তোলনের দায়িত্ব দিয়ে বিভিন্ন রকম স্টেজ শো করতেন।

স্থানীয়রা আরও জানান, শিলা শারীরিক পরিবর্তন করানোর পর স্থানীয় এক ব্যক্তিকে বিয়ে করেন। কিন্তু ওই ব্যক্তি মাদকাসক্ত ছিলেন। এ কারণে বনিবনা না হওয়ায় তারা ডিভোর্সের সিদ্ধান্ত নেন। বিষয়টি আদালত অবধি গড়ায়। এরপর থেকে মাঝে মাঝে সেই স্বামী বাসায় আসতেন। তবে বেশ কিছু দিন ধরে শিলা বেতবুনিয়াতে থাকতেন না। বিভিন্ন সময় দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন। তিনি বাড়িতে এলে রাতে তার বাসায় অপরিচিত ব্যক্তিদের নিয়ে মাঝে মাঝে মাদকের আড্ডা বসান হতো বলে অভিযোগ রয়েছে।

রবিবার ১১টার পর অপরিচিত পাঁচজন ব্যক্তিকে শিলার বাসায় ঢুকতে দেখেন স্থানীয়রা। তবে তারা কখন বের হয়েছেন তা কেউ দেখেননি। সোমবার বিকেলে তার বাড়ির পাশে থাকা আরেক হিজড়া শিলার কোনো সাড়া শব্দ না পেয়ে সবাইকে খবর দেন। এরপর সবাই দরজা খুলে দেখতে পান, শিলার গলা কাটা মরদেহ বিছানায় পড়ে আছে। পরে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সোহাগ বলেন, “শিলা নামে এক তৃতীয় লিঙ্গের (হিজড়া) গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড মনে হচ্ছে। আমরা বেশ কিছু আলামত জব্দ করেছি। ধারণা করা হচ্ছে, রবিবার রাতে হিজড়া শিলার বাসায় মাদকের আড্ডা হচ্ছিল। প্রাথমিক তদন্ত ও আইনি কাজ শেষে তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।”

   

About

Popular Links

x