রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় শব-ই-বরাতের নামাজ শেষে দেওয়া মিলাদের মিষ্টি (চমচম) খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন মুসল্লি। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিরা রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার বহরপুর পশ্চিমপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন।
অসুস্থ মুসল্লিরা হলেন- দেলোয়ার হোসেন, মাহিম, মুস্তাফিজুর, মোরসালিন, সোহান, রিমন, শিহাব, আরিফ, মিন্টু, মিনার, মোজাম এবং সাইদুল ইসলাম সোহান। সবাই বহরপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।
রোগী ও তাদের স্বজনরা জানান, রাতে শব-ই-বরাতের নামাজ শেষে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে দেওয়া মিষ্টি (চমচম) খাওয়ার পরপর ১২ জন অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক শেখ মোহাম্মদ আব্দুল হান্নান সংবাদমাধ্যম বিডিনিউজকে বলেন, “খাদ্যে বিষক্রিয়ায় তারা অসুস্থ হয়েছেন। ৪ জন বেশি অসুস্থ হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের অবস্থা আশঙ্কামুক্ত।”
ওসি জামালউদ্দিন বলেন, “এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই এলাকার বাসিন্দা জিল্লুর রহমান এবং আব্দুল খালেককে আটক করা হয়েছে।”



ইজতেমার দ্বিতীয় পর্বে বাড়ছে বিদেশি মুসল্লি, যৌতুকবিহীন বিয়ে আজ