Monday, June 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

১৯ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নাফ নদী থেকে মাছ ধরার ৪টি ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যাওয়া হয়

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৪ পিএম

কক্সবাজার টেকনাফের নাফ নদী থেকে বাংলাদেশি আরও ১৯ জেলেসহ চারটি মাছ ধরার ট্রলার ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সাগর থেকে মাছ ধরে ফেরার পথে চারটি ট্রলার ও জেলেদের ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ এহসান উদ্দিন।

তিনি জানান, চারটি ট্রলার ও ১৯ জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। এ ঘটনায় বিজিবির সঙ্গে আলোচনা করে তাদের ফেরত আনার চেষ্টা চালানো হচ্ছে। এর মধ্যে দুইটি ট্রলার টেকনাফের কায়ুকখালী ঘাটের এবং অপর দুইটি শাহপরীর দ্বীপ ঘাটের।

টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি আবদুল জলিল বলেন, “টেকনাফে ফেরার পথে কায়ুকখালী ঘাটে মাছ ধরার দুটি ট্রলারসহ নয় জন মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে।”

শাহপরীর দ্বীপ মাঝপাড়া নৌঘাটের সাধারণ সম্পাদক আবদুর গফুর বলেন, “শাহপরীর দ্বীপ মাঝপাড়া ঘাটের দুই ট্রলারসহ ১০ জন মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে।”

এর মধ্যে শাহপরীর দ্বীপের ঘাটের ট্রলার দুটির মালিক মো. কালাইয়া ও জাফর আলম বলে নিশ্চিত হওয়া গেলেও অপর দুইটির মালিকের নাম জানা যায়নি।

এর আগে, ১০ ফেব্রুয়ারি নাফ নদীর মোহনায় মাছ ধরতে যাওয়া চার বাংলাদেশি মাঝিমাল্লাকে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে গেছে আরাকান আর্মি। তাদের গত ১০ দিনেও ফেরত দেয়নি তারা।

   

About

Popular Links

x