Sunday, June 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৬ জন হাসপাতালে

একটি গ্যাস পাম্পের পাশ থেকে অজ্ঞান অবস্থায় তাদের উদ্ধার করা হয়

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ০৩:২৩ পিএম

নওগাঁয় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ছয়জন শ্রমিক হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে শহরের বরুনকান্দি এলাকা থেকে অজ্ঞান অবস্থায় তাদের উদ্ধারের পর নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ।

তবে এখনও জ্ঞান না ফেরায় তাদের নাম-পরিচয় জানা যায়নি। এরা সবাই অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন বলে ধারণা করছে পুলিশ।

নওগাঁ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) হারুন রশিদ জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শহরের বাইপাস এলাকার বরুনকান্দি এলাকার একটি গ্যাস পাম্পের পাশ থেকে অজ্ঞান অবস্থায় ছয়জনকে উদ্ধার করা হয়। এরপর নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, “তাদের মধ্যে একজনের সঙ্গে কথা বলতে পেরেছি। তিনি অস্পষ্টভাবে জানান, তারা হেমায়েতপুর থেকে ট্রাকে উঠে বাড়ি ফিরছিলেন। এরপর তাদের কলা পানি আর রুটি খাওয়ানো হয়েছে। এর বেশি তিনি আর কিছু বলতে পারেননি।”

হারুন রশিদ জানান, শহরের এবং শহরের বাইপাস এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। 

নওগাঁ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. আবু জার গাফফার জানান, হাসপাতালে আনার পরে তাদের প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকরা সার্বক্ষণিক তাদের দেখাশোনা করছেন।

   

About

Popular Links

x