Monday, November 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

ধানমন্ডিতে গাড়ি থেকে চাঁদা আদায়ে অভিযুক্ত যুবক আটক

গাড়ি থেকে চাঁদা আদায়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তাকে আটক করা হয়

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৯:৪৭ এএম

রাজধানীর ধানমন্ডি থানার জিগাতলা এলাকায় প্রাইভেটকার পার্কিং করায় চাঁদা নেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

গ্রেপ্তার যুবকের নাম মো. আশরাফুল (২৩)। রাজধানীর হাজারীবাগ এলাকায় থাকেন তিনি। তার গ্রামের বাড়ি লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “চাঁদা নেওয়ার ঘটনায় অভিযুক্ত যুবক মো. আশরাফুলকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

পুলিশ জানায়, যুবকের চাঁদা আদায়ের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই তাকে ধরতে অভিযান চালানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা এক যুবক রসিদ দিয়ে চাঁদা আদায় করছেন। এ সময় প্রাইভেটকার মালিকের সঙ্গে ওই যুবকের কথা কাটাকাটি হয়। প্রাইভেটকারে বসা এক ব্যক্তি ওই যুবককে “মাস্তানি করার” বিষয়ে প্রশ্ন করেন। উত্তরে যুবক বলেন, “হ করতাছি, কোনো সমস্যা?” এ সময় পাশে বসা প্রাইভেটকার মালিকের স্ত্রী ওই যুবকের নাম জানতে চান। ‍উত্তরে যুবক বলেন, “নাম দিয়ে কী হবে?”।

ওই ভিডিওতে আরও দেখা যায়, প্রাইভেটকারের মালিক বলছেন, “রাস্তার ওপর গাড়ি রাখছিলাম, ওরে চাঁদা দিলাম। এরপর আমি দেখতেছি।” এসময় গাড়ির ভেতর থেকে ভিডিও করা হচ্ছে দেখতে পেয়ে ওই যুবক চুল নাড়িয়ে বলেন, “চেহারাটা সুন্দর করে আইছে। একটা চুলও বাঁকা করতে পারবা না।” এরপর যুবকটি সেখান থেকে চলে যান।

   

About

Popular Links

x