কুমিল্লা শহর ও সদর দক্ষিণ এলাকায় কিশোর গ্যাং চক্রের অস্ত্র সরবরাহকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করেছে যৌথ বাহিনী।
শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে এই অভিযান চালায় সেনাবাহিনী ও র্যাবের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী।
জানা যায়, অভিযানে মূল অস্ত্র সরবরাহকারীসহ মোট ৯ জন অপরাধীকে আটক হয় এবং বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, মাদক ও অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়।
রাত ৩টা ৫০ মিনিটে কুমিল্লা সদর দক্ষিণ থানার দুর্গাপুর এলাকা থেকে মো. রুবেল (৩৫) নামে স্থানীয় অস্ত্র সরবরাহকারীকে আটক করা হয়। তিনি সম্প্রতি কুমিল্লা শহরে প্রকাশ্যে দেশীয় আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে আলোচনায় আসেন এবং কিশোর গ্যাংয়ের সদস্যদের কাছে অস্ত্র সরবরাহ করতেন।
অন্যান্য আটকরা হলেন মো. আকিব হোসেন (২৯), মো. সাজ্জাদ হোসেন (৪৭), মো. শাহাদাত হোসেনকে (২৮), মো. সাইফুল ইসলাম (১৯), মো. ইমরান হোসেন রতন (১৯), মো. মোজাহিদ (২১), মো. রাফিউল আলম শফি (২০), হুমায়ূন কবির (৪৫)
এসময় তাদের কাছ থেকে ৯ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, একটি রিভলভার, আট রাউন্ড রিভলভার অ্যামুনিশন, ইয়াবা, বিদেশি মদ, স্বর্ণের চেন, চারটি মোবাইল ফোন ও ল্যাপটপসহ নানা অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি ও উদ্ধারকৃত আলামতসমূহ আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে যৌথ বাহিনী।



প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া, আটক ৪