Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা

খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে গাড়িতে তুলতে গেলে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়

আপডেট : ০২ মে ২০২৫, ১১:৩৮ পিএম

মাগুরা পৌরসভার ভিটাসাইর গ্রামে দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা আওয়ামী লীগের এক নেতা। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে গাড়িতে তুলতে গেলে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়।

শুক্রবার (২ মে) দুপুরে পৌরসভার ভিটাসাইর গ্রামে এ ঘটনা ঘটে।

হামলার শিকার জেলা আওয়ামী লীগের ওই নেতার নাম মীর শহিদুল ইসলাম ওরফে বাবু মীর। তিনি মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক এবং পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, জুমার নামাজের পর দাওয়াত খেতে ওই গ্রামে যান বাবু মীর। খাবার খেয়ে বের হওয়ার আগমুহূর্তে ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালান কয়েকজন যুবক। এ সময় দৌড়ে ঘরের মধ্যে ঢুকে রক্ষা পান বাবু মীর। খবর পেয়ে পুলিশের একটি দল তাকে উদ্ধার করতে ওই বাড়িতে যায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে গাড়িতে তুলতে গেলে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়।

পরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বাবু মীরকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। হামলার বিষয়ে জানতে চাইলে তাৎক্ষণিকভাবে বাবু মীর জানান, তার ওপর কে-বা কারা কী কারণে হামলা করেছে তিনি এ বিষয়ে জানেন না।

মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে সূত্রে জানা যায়, হাতে ও পিঠে কয়েক জায়গায় জখম নিয়ে বাবু মীর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে কিছুক্ষণ পর তিনি সেখান থেকে চলে যান।

সদর থানা সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে জুলাই–আগস্টের একটি মামলায় বাবু মীরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। তার নামে থাকা দুটি মামলায় সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন তিনি।

   

About

Popular Links

x