আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানী ঢাকার শাহবাগ মোড় ছাড়া দেশের অন্য কোনো হাইওয়েগুলোতে ব্লকেড (বন্ধ) না করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
শনিবার (১০ মে) ভোরে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ নির্দেশনা দেন।
পোস্টে হাসনাত লিখেছেন, ‘‘ঢাকার শাহবাগ ছাড়া ঢাকা বা সারাদেশের হাইওয়েগুলোতে ব্লকেড দিবেন না। জেলাগুলোতে স্বতঃস্ফূর্ত জমায়েত করুন, সমাবেশ করুন। কিন্তু ব্লকেড না। ব্লকেড খুলে দিন।’’
এর আগে শুক্রবার রাতে ৩ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন এনসিপির এই মুখ্য সংগঠক। কর্মসূচি অনুযায়ী, আজ শনিবার বিকেল ৩টা থেকে শাহবাগে ছাত্র-জনতার গণ-জমায়েত অনুষ্ঠিত হবে। এছাড়াও সারাদেশের জুলাই-স্পটগুলোতে ছাত্র-জনতার গণঅবস্থান কর্মসূচি পালিত হবে।
হাসনাতের জানানো ৩ দফা দাবি হলো-
১. আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে।
২. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে।
৩. জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে।
এর আগে বৃহস্পতিবার রাত থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ শুরু হয়। পরে শুক্রবার এই দাবি আদায়ের লক্ষ্যে ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। শাহবাগ মোড় অবরোধ করার ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তার পরপরই আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করেন।



হাসনাতের ঘোষণার পর শাহবাগ অবরোধ