মানিকগঞ্জের একটি কবরস্থান থেকে পাঁচটি মানবকঙ্কাল চুরির অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এদিকে কঙ্কাল চুরির খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
মঙ্গলবার (২০ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আমান-উল্লাহ। এর আগে দিবাগত রাতে বেতিলা-মিতরা ইউনিয়নের বাংগরা কবরস্থানে চুরির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কবরস্থানের পানির ট্যাংকের নির্মাণকাজ করতে গিয়ে শ্রমিকরা দেখতে পান যে কবরস্থানের প্রধান গেট খোলা। এরপর তারা ভেতরে গিয়ে লক্ষ করেন যে, কয়েকটি কবর খোঁড়া অবস্থায় রয়েছে।
পরে তারা বিষয়টি কবরস্থান পরিচালনা কমিটিকে জানান। কমিটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত হন যে খোঁড়া কবরগুলোর ভেতরে কোনো কঙ্কাল নেই।
বেতিলা-মিতরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য জাকির হোসেন বলেন, “গত পাঁচ থেকে সাত মাসের মধ্যে যেসব মৃত ব্যক্তিকে দাফন করা হয়েছিল, সেই কবরগুলো থেকেই কঙ্কাল চুরি হয়েছে। চুরি হওয়া কঙ্কালগুলোর মধ্যে চারজন পুরুষ একজন নারী ছিলেন।”
ওসি এস. এম. আমান-উল্লাহ বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন ও আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলমান।”



