Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

হাইকোর্টে বিচারক পদে নিয়োগে দরখাস্ত আহ্বান করে গণবিজ্ঞপ্তি

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়

আপডেট : ২৮ মে ২০২৫, ১২:৫৮ পিএম

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক পদে নিয়োগে আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ২০২৫ সালের সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশের ৭ (ক) ধারা অনুযায়ী অতিরিক্ত বিচারক পদে নিয়োগের উদ্দেশ্যে এই দরখাস্ত আহ্বান করা হয়েছে।

বুধবার (২৮ মে) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

অধ্যাদেশের ৩ ধারা অনুযায়ী, সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগের নিমিত্ত বা পরামর্শ প্রদান প্রক্রিয়ায় প্রধান বিচারপতিকে সহায়তা করার উদ্দেশ্যে উপযুক্ত ব্যক্তি বাছাইপূর্বক সুপারিশ করার জন্য একটি স্থায়ী কাউন্সিল থাকবে। আর তা ‘‘সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল’’ নামে অভিহিত হবে। আর অধ্যাদেশের বিধান অনুসারে ইতোমধ্যে ‘‘সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল’’ গঠিত হয়েছে। প্রধান বিচারপতি এই কাউন্সিলের চেয়ারপার্সন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশের ৭ ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক পদে নিয়োগের উদ্দেশ্যে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক ইতোমধ্যে সংশ্লিষ্ট সব পর্যায়ে বিজ্ঞপ্তি বা নোটিশ প্রদান করা হলে অনেক আগ্রহী প্রার্থী নির্ধারিত ফরমে দরখাস্ত দাখিল করেছেন। সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল ওই দরখাস্তগুলোর পাশাপাশি হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক পদে নিয়োগের উদ্দেশ্যে সর্বসম্মতভাবে গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নির্ধারিত ফরমে প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ অবস্থায় সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল বিচারক নিয়োগ অধ্যাদেশের ৭ ধারা অনুযায়ী, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক পদে নিয়োগবিষয়ক সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে উপযুক্ত ব্যক্তিদের তথ্য সংগ্রহের সুবিধার্থে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ অনুসরণ করে আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় তথ্যাদির সংযুক্তি ও পাসপোর্ট সাইজের এক কপি ছবিসহ নির্ধারিত ফরমে দরখাস্ত আগামী ২২ জুনের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে ডাকযোগে বা সরাসরি পাঠানোর জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হলো।

এর আগে নির্ধারিত ফরমে দরখাস্ত দাখিল করেছেন, তাদের পুনরায় দরখাস্ত দাখিলের আবশ্যকতা নেই বলেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, দেশের ইতিহাসে প্রথমবারের মতো গত ২১ জানুয়ারি কাউন্সিলের মাধ্যমে উচ্চ আদালতে বিচারক নিয়োগের বিধান রেখে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ এর গেজেট জারি করে সরকার।

   

About

Popular Links

x