মৌলভীবাজারের রাজনগর-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কে ভারি বৃষ্টিপাতের কারণে পাহাড় ধস ও সড়কে গাছ পড়ে যোগাযোগ বিঘ্নিত হয়ে পড়েছে।
শনিবার (৩১ মে) সন্ধ্যার দিকে রাজনগর উপজেলার ২৪ নম্বর এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এসময় আঞ্চলিক মহাসড়কের দুইপাশে গাড়িগুলো আটকে তীব্র যানজট তৈরি হয়। প্রায় ঘণ্টাব্যাপী সড়ক যানচলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে সড়ক থেকে গাছ সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।
স্থানীয়রা জানান, শনিবার সকাল থেকে মৌলভীবাজারে ভারি বর্ষণ হচ্ছে। কিছু সময় বৃষ্টি কম থাকলেও বিকেল ৩টার পর ভারি বর্ষণ শুরু হয়। ভারি বর্ষণের কারণে রাজনগর-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের ২৪ নম্বর এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে।
পাহাড় ধসের কারণে সেখানে থাকা পাহাড়ি গাছ সড়কের ওপর পড়ে দু’পাশের চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়। এসময় সড়কের দুইধারে গাড়িগুলো যানজটের মধ্যে পড়ে। ব্যস্ততম সড়কটি ৩০ মিনিটের মতো বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিস গিয়ে গাছ সরালে সড়কের একপাশ দিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক হয়। তবে পাহাড় ধসের কারণে সড়কে পড়ে থাকা মাটি সরানো যায়নি।
ভুক্তভুগীরা জানান, কুলাউড়া থেকে রাজনগর সড়কের ওপরে পাহাড় ধসে পড়ার সঙ্গে গাছও পড়ে রয়েছে। পরে সেখান থেকে হেঁটে পাহাড় ধস এলাকা পাড়ি দিয়ে অন্য একটি গাড়িতে আসতে হয়। অনেক মানুষ সড়ক বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েন।
তারা জানান, পাহাড় ধসের কারণে সড়কে মাটি পড়ে থাকায় সড়ক পিচ্ছিল হয়ে রয়েছে।
রাজনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ আলী হোসেন বলেন, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে সড়কে পড়ে থাকা গাছ কেটে সরিয়ে গাড়ি চলাচলের জন্য ব্যবস্থা করি। সড়কের এক পাশ দিয়ে বর্তমানে গাড়ি চলাচল করছে। সড়কের মাটি সরানো যায়নি।”
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ইনচার্জ মো. আনিসুর রহমান বলেন, “এ পর্যন্ত ১৫৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আরও ভারি বৃষ্টি হতে পারে।”
এদিকে, মৌলভীবাজার পৌরসভার পাড়া-মহল্লায় রাস্তা ঘাট পানিতে নিমজ্জিত। অনেকের বাসাবাড়িতে পানি প্রবেশ করেছে। বিশেষ করে শহরের কোদালিছড়ায় পয়ঃনিষ্কাশন না করার কারণে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।



