ফিলিপাইন থেকে পরিচালিত একটি অনলাইন জুয়া সাইটের বাংলাদেশীয় এজেন্ট মেহেদি হাসানকে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।
রবিবার (১ জুন) রাতে ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ গ্রাম থেকে তাকে আটক করা হয়। উদ্ধার করা হয় জুয়ার কাজে ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোন। মেহেদি হাসান মুরারীদহ গ্রামের বাসিন্দা।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) (ডিবি) ইমরান জাকারিয়া জানান, আটক মেহেদি ফিলিপাইনভিত্তিক “বাংলাউইন” নামক জুয়া সাইটের স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করতেন। তিনি দেশের বিভিন্ন অঞ্চলে এজেন্ট নিয়োগ, মোবাইল ব্যাংকিং এবং অন্যান্য ডিজিটাল পেমেন্ট চ্যানেলের মাধ্যমে অর্থ লেনদেনের ব্যবস্থা করতেন। এ ছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবহারকারীদের জুয়ায় অংশ নিতে প্রলুব্ধ করতেন।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরেই সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তার ওপর নজর রাখছিল। গোপন তথ্যের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) খালিদ হাসান, সহকারি উপপরিদর্শক (এএসআই) ইকলাছুর রহমান এবং হাফিজুর রহমান অভিযানে নেতৃত্ব দেন। আটকের পর তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে গ্রেপ্তার দেখানো হয়।
এ ঘটনায় অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।



অনলাইন জুয়া বন্ধে সরকারকে আইনি নোটিশ