রাজধানী ঢাকার বনানী এলাকায় অভিযান চালিয়ে ৯৯ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-গুলশান বিভাগ। এ ঘটনায় বনানী থানায় দায়ের করা মামলায় মো. একুব আলী শেখ (৫১) নামের ওই মাদক কারবারিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ডিএমপি জানিয়েছে, মঙ্গলবার (২৪ জুন) দিবাগত রাত পৌনে ১২টার দিকে বনানীর ১১ নম্বর রোডের পশ্চিম মাথা এলাকায় অভিযান চালিয়ে একুবকে আটক করে ডিবি গুলশান বিভাগের একটি টিম।
ডিবি গুলশান বিভাগ সূত্রে জানা গেছে, রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি গুলশান বিভাগের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক কারবারি ময়মনসিংহের ভালুকা থেকে বিপুল পরিমাণ গাঁজা বিক্রির উদ্দেশে বনানী ১১ নম্বর রোডের পশ্চিম প্রান্তে ফুটওভার ব্রিজের নিচে ফুটপাতে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৯৯ কেজি গাঁজাসহ একুব আলীকে আটক করা হয়। পরে মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত একুব আলী একজন পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবত কুড়িগ্রাম জেলাসহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে বনানীসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রি করে। উদ্ধারকৃত গাঁজা বিক্রির উদ্দেশে সে ঘটনাস্থলে অবস্থান করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।



