Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

কিশোর গ্যাং সদস্যের গুলি ছোড়ার ভিডিও ভাইরাল, এলাকাজুড়ে আতঙ্ক

নবম শ্রেণির ছাত্রীকে অপহরণ ও হত্যার হুমকি

আপডেট : ২৯ জুন ২০২৫, ০৯:১৯ পিএম

গাজীপুরের শ্রীপুরে প্রকাশ্যে অস্ত্র হাতে কিশোর গ্যাং সদস্য তিহিম মাদবরের গুলি ছোড়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। অস্ত্র হাতে ভাইরাল ভিডিও চোখে পড়ার পর শ্রীপুর থানা পুলিশ তিহিমকে ধরতে অভিযান শুরু করেছে। ভিডিও ভাইরালের পর থেকে তিহিমসহ তার বাবা-মা নিজে বাড়িতে অবস্থান করছে না। তবে ভয়ে রয়েছেন এলাকার মানুষ।

শনিবার (২৮ জুন) সকাল থেকে এক মিনিট ২২ সেকেন্ডের ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। 

তিহিম মাদবর (১৯) শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিন ধনুয়া গ্রামের আসাদুজ্জামান জামানের ছেলে। সে এলাকায় কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত। তার ভয়ে এলাকায় ভাড়ায় থাকা স্থানীয় শিল্প কারখানার শ্রমিকসহ বাইরের লোকজনকে ভয়ে চলাফেরা করতে হয় বলে অভিযোগ করেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, ভিডিওটি ওই এলাকারই একটি বাসার ছাদে ধারণ করা। তবে হিহিমের ফেসবুক পেজে পোস্ট করা গুলি ছোড়ার ভিডিটি শনিবার রাতে সরিয়ে ফেলা হয়েছে।

ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে, তিহিম প্রিন্ট কালারের শার্ট গায়ে ডান হাতে পিস্তল নিয়ে একটি ভবনের ছাদের ওপর হাঁটছে। একপর্যায়ে, হাতে থাকা পিস্তল ওপরের দিকে উঁচু করে ফাঁকা গুলি ছুড়তে দেখা যায়। ভিডিওতে তাকে একরঙা আরেকটি শার্ট গায়ে আবার একইভাবে গুলি ছুড়তে দেখা যায়। কিছুক্ষণ পরই তাকে একই ছাদে অন্য একটি শার্ট পরিহিত অবস্থায় প্যান্টের পকেট থেকে গুলি বের করে নাড়াচাড়া করতে দেখা যায়।

ওই ভিডিও ছড়িয়ে পাড়ার পর দক্ষিণ ধনুয়া গ্রামের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

স্থানীয় সংবাদকর্মী আব্দুর রউফ গুলি ছোড়ার ভিডিও পোস্ট করে ফেসবুকে লিখেছেন, “শ্রীপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব। দেখে মনে হবে কোন সিনেমার দৃশ্য। কিন্তু না এটা একটা বাস্তব ঘটনা।”

স্থানীয় সাংবাদিক আরিফ মন্ডল ফেসবুকে ওই ভিডিও পোস্ট করে লিখেছেন, “প্রকাশ্যে পিস্তল দিয়ে ফায়ার করা কে এই যুবক! ধনুয়া গ্রামের এক কিশোর প্রকাশ্যে পিস্তল দিয়ে ওপরের দিকে ফায়ার করার ভিডিও ভাইরাল। এক মেয়েকে উঠিয়ে নেওয়ার হুমকি!”

স্থানীয় বাসিন্দা কলিম উদ্দীন মাতবর জানান, তিহিম তার চাচাতো ভাইয়ের ছেলে। বাড়ির পাশেই কামাল নগর স্কুলে লেখাপড়া করতো সে। শিক্ষকের সঙ্গে বেয়াদবির জেরে দুই বছর আগে স্কুলে যাওয়া ছেড়ে দেয় সে।

কলিম উদ্দীন মাতবর জানান, ওই স্কুলের পাশে তার আপন বড় ভাইয়ের নির্মাণাধীন বাড়ির কাজ চলছে। ওই ভবন থেকে তিহিম তার এক সহযোগীর মাধ্যমে লোহা বিক্রি করে দেয়। এ নিয়ে বাগ্বিতণ্ডার জেরে কলিম উদ্দিনকে হুমকি দেয় তিহিম। এ সময় সে বাসা থেকে পিস্তল নিয়ে আসারও হুমকি দেয়। পরে বিষয়টি নিয়ে বৃহস্পতিবার স্থানীয়ভাবে সালিশ ডাকা হয়।

সালিশের পরপরই তিহিম তার ফেসবুকে স্ট্যাটাস দেয়, “কইছিলাম না যে হালা বিচার করতে আইবো, ওরে মাইরা দিমু আলহামদুলিল্লাহ ভইরা দিরাম বুইরা হালা রে।”

কলিম উদ্দীন মাতবর আরও অভিযোগ করেন, শুক্রবার সকালে তার তার নবম শ্রেণি পড়ুয়া মেয়ের মেসেঞ্জারে অপহরণ ও হত্যার হুমকি দেয় তিহিম। এ ধরনের হুমকিতে তার মেয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে।

স্থানীয় ইউপি সদস্য গাজী ইসলামইল বলেন, “তিহিম মাতবর এলাকায় নানা অপরাধের সঙ্গে জড়িত। সে এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেয়। কাউকে মানেন না। তাকে দ্রুত আইনের আওতায় আনা দরকার।”

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, “ভিডিওটা গত ২ বা ৩ মাস আগের। সম্প্রতি তার চাচার সাথে বিরোধ হওয়ায় এখন ভিডিওটি ফেসবুকে ছেড়ে দিয়েছে। গুলি ছোড়ার শব্দ শুনে এবং ভিডিও দেখে মনে হচ্ছে এটা আসল অস্ত্র। আমরা এটা নিয়ে কাজ শুরু করেছি এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা করছি। তাকে গ্রেপ্তারের পর অস্ত্রটি আসল না নকল সেটা নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

   

About

Popular Links

x