ঠাকুরগাঁওয়ে ডুবে যাওয়া ছোট ভাইকে উদ্ধার করতে বড় ভাই পুকুরে ঝাঁপ দিলে সেও ডুবে মারা যায়। মাত্র সাত ও ছয় বছরের শিশু ছিল তারা।
শুক্রবার (৪ জুলাই) সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের ছোট লাহিড়ি গ্রামে এই হৃদয় বিদারক ঘটনা ঘটে।
ছুটির দিনে মাদ্রাসা থেকে বাড়িতে এসেছিল দুই চাচাতো ভাই সোহান আলী (৭) ও সিয়াম হোসেন (৬)। সকালে ঘুম থেকে উঠে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে যায়। এ সময় হঠাৎ পা পিছলে পানিতে পড়ে যায় ছোট ভাই সিয়াম। তাকে বাঁচাতে সঙ্গে সঙ্গে ঝাঁপ দেয় বড় ভাই সোহান। কিন্তু সেও পুকুরে ডুবে যায়। ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ হারায় দুজনেই।
সোহান আলী ওই গ্রামের সফিউল ইসলামের ছেলে এবং সিয়াম হোসেন একই গ্রামের দবিরুল ইসলামের ছেলে। তারা দুজন চাচাতো ভাই এবং স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।
পরিবার সূত্রে জানা গেছে, দুই শিশুর বাবা ঢাকায় কাজ করেন। ছুটির দিন হওয়ায় বৃহস্পতিবার তারা মাদ্রাসা থেকে বাড়িতে আসে। পরদিন সকালে ঘুম থেকে উঠে খেলতে বের হয় তারা। খেলতে খেলতে এক সময় পুকুরে গিয়ে নামে তারা। সিয়াম পা পিছলে পড়ে গেলে তাকে তুলতে গিয়ে সোহানও ডুবে যায়। পরিবারের লোকজন পুকুরে দুজনের লাশ ভাসতে দেখে উদ্ধার করে বাড়িতে আনেন।
সোহানের নানা গনা মোহাম্মদ বলেন, “আমার নাতি বলতো আমি মারা গেলে জানাজা পড়াবে। আজ আমার সেই নাতিরই জানাজা পড়তে হলো।”
সোহান ও সিয়ামদের মাদ্রাসার শিক্ষক বলেন, “সোহান ও সিয়াম দুজনই অত্যন্ত ভদ্র ও নামাজি ছিল। তারা নূরানী বিভাগে প্রথম শ্রেণিতে পড়ত। এমন মৃত্যুতে আমরা সবাই শোকাহত ও বাকরুদ্ধ।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, “দুই শিশুর মৃত্যুর ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গেছে। এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা।”



