Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকাসহ ৪ বিভাগে ভারি বৃষ্টির আভাস

ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০১:৪৭ পিএম

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে ঢাকাসহ চার বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অতি ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে মঙ্গলবাদ থেকে পরবর্তী ২৪ ঘন্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় যে লঘুচাপটি অবস্থান করছে সেটি নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা। ফলে বুধবার বিকেলের পর থেকে বৃষ্টি কমে যাবে।

ভারি বৃষ্টির কারণে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

সাধারণত ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হলে হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে মাঝারি ধরনের ভারি, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে সেটিকে বলা হয়ে থাকে অতিভারি বৃষ্টিপাত।

সাগরে লঘুচাপ

গতকাল সোমবারের নিয়মিত বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। ফলে, মোংলা, কক্সবাজার, পায়রা, চট্টগ্রাম সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, “লঘুচাপটি নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা নেই। বৃষ্টিপাত কাল বিকেলের দিকে কমে আসবে। এরপর ১০, ১১ তারিখ কিছুটা কম থাকবে। তারপর আবার ১৩, ১৪ তারিখ বৃষ্টিপাত বাড়বে।”

   

About

Popular Links

x