Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মিটফোর্ডের সামনে ব্যবসায়ীকে হত্যা, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার আরও ২

এ নিয়ে এজহারনামীয় মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

আপডেট : ১২ জুলাই ২০২৫, ০৩:১৪ পিএম

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) সামনে ভাঙারি ব্যবসায়ী মো. লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) প্রকাশ্যে মাথা থেঁতলে হত্যার ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (১১ জুলাই) ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এজহারনামীয় মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেপ্তার দুইজন হলেন- আলমগীর (২৮) ও মনির ওরফে লম্বা মনির (৩২)। এর আগে শুক্রবার মাহমুদুল হাসান মহিন (৪১), তারেক রহমান রবিন (২২) ও টিটন গাজী নামের আরও তিনজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার দুপুরে কাওরান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুইজনকে গ্রেপ্তারের তথ্য জানান র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান।

ব্রিফিংয়ে তিনি বলেন, “গত ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়। নিহতের বড় বোন বাদী হয়ে ডিএমপির কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর থেকেই র‍্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে এবং ছায়া তদন্ত চালায়। পরে শুক্রবার কেরানীগঞ্জ থেকে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।”

হত্যার প্রকৃত কারণ সম্পর্কে জানতে চাইলে র‍্যাব ডিজি বলেন, “মিটফোর্ডের ঘটনার মূল তদন্ত করছে ডিএমপি। আমরা তাদের সহযোগিতা করছি। এখনও ছায়া তদন্তে এমন কোনো পর্যায়ে পৌঁছাইনি, যাতে বিস্তারিত কিছু জানানো যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি স্থানীয় ব্যবসা ও চাঁদাবাজিকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে।”

   

About

Popular Links

x