নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় রাবিয়া আক্তার (২৮) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন তার স্বামী রাশেদ মিয়া (৩২)।
শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার কৈলাটি ইউনিয়নের নক্তিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত রাবিয়া আক্তার কৈলাটি ইউনিয়নের নক্তিপাড়া গ্রামের আলতু মিয়ার মেয়ে এবং রাশেদ মিয়া একই গ্রামের পণ্ডিত মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে রাশেদ মিয়া ও রাবিয়া আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে তিনটি সন্তান রয়েছে। গত এক বছর ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। শনিবার দুপুরে কথা–কাটাকাটির একপর্যায়ে রাশেদ মিয়া স্ত্রীকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। কিছুক্ষণ পর তার মৃত্যু হলে রাশেদ ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন এবং মাছ ধরার জালের রশি দিয়ে আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, “পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”



