Monday, July 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

অটোরিকশাচালককে মারধরের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

মশিউরকে সাময়িকভাবে দলের সদস্যপদ স্থগিতসহ সকল কর্মকাণ্ড থেকে অব্যাহতি দিয়েছে

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১১:৫১ এএম

ব্যাটারিচালিত অটোরিকশাচালককে মারধরের অভিযোগে গাজী রাশেদুজ্জামান মশিউর নামে এক বিএনপি নেতার সদস্যপদ স্থগিত করেছে জামালপুরের মেলান্দহ উপজেলা বিএনপি।

সোমবার (১৪ জুলাই) রাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিএনপি নেতা গাজী রাশেদুজ্জামান মশিউর মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সদস্য ও একই উপজেলার মালঞ্চ এলাকার বাসিন্দা।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন অটোরিকশাচালককে মারধর এবং এ ঘটনার প্রতিবাদ করায় অপর একজন ব্যক্তিকেও মারধর করার ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সুনির্দিষ্ট এই অভিযোগের ভিত্তিতে জামালপুর জেলার মেলান্দহ উপজেলা বিএনপির সদস্য গাজী রাশেদুজ্জামান মশিউরকে সাময়িকভাবে দলের সদস্যপদ স্থগিতসহ সকল কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হলো। পরবর্তীতে তার আচার-আচরণের সংশোধনসাপেক্ষে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

উপজেলা বিএনপি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে নয়াগর ইউনিয়নের মালঞ্চ বাজার থেকে মেলান্দহ রেলস্টেশনে যাওয়ার জন্য একটি ব্যাটারিচালিত অটোরিকশার চালককে ডাক দেন গাজী রাশেদুজ্জামান মসিউর। অটোরিকশাচালক যেতে না চাইলে তার সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে মারধর করেন মশিউর। এ সময় ঘটনাস্থলে থাকা একজন বয়স্ক ব্যক্তি তাদের নিবৃত্ত করতে গেলে মশিউর তাকেও মারধর করেন। বিষয়টি উপজেলা বিএনপি অবগত হলে গাজী রাশেদুজ্জামান মশিউরকে সাময়িকভাবে দলের সদস্যপদ স্থগিতসহ সকল কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেয়।

বিএনপি নেতা গাজী রাশেদুজ্জামান মশিউর বলেন, “কয়েকদিন আগে মেলান্দহ রেলস্টেশনে যাওয়ার জন্য এক অটোচালককে বলি। সে না যাওয়ায় তাকে ধমক দিই। এ সময় পাশের একজন রিকশাওয়ালা আমার সঙ্গে কথা-কাটাকাটি করে ধাক্কা দেয়। আমিও তাকে ধাক্কা দিই, এই পর্যন্তই ঘটনা। বিষয়টি নিয়ে দলের ঊর্ধ্বতন যারা আছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন, আমি তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।”

মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা ট্রিবিউনকে বলেন, “দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলা বিএনপির সাবেক সদস্য গাজী রাশেদুজ্জামান মশিউরকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে।”

   

About

Popular Links

x