বিএনপির নেতাকে ফুলের মালা পরিয়ে দেওয়া শরীয়তপুরের নড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) সুরুজ উদ্দিন আহম্মেদকে গোপালগঞ্জে বদলি করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) তাকে নড়িয়া থানা থেকে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্যা বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে নড়িয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মাসুদুর রহমানকে গলায় মালা পরিয়ে দিচ্ছেন সুরুজ উদ্দিন, এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে শুরু হয় বেশ আলোচনা-সমালোচনা। পুলিশ কর্মকর্তার এমন কর্মকাণ্ডে পুলিশ বাহিনীর নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছিল।
এর আগে ২০২৩ সালের ১৫ জুন শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানায় কর্মরত থাকা অবস্থায় সুরুজ উদ্দিন আহম্মেদ সাময়িক বরখাস্ত হয়েছিলেন। শরীয়তপুরের নাওডোবা বাজারের এক ব্যবসায়ীকে তুলে নিয়ে পিটিয়ে ৭২ লাখ টাকার চেক নেওয়ার ও একটি ছিনতাই মামলার ৪ আসামিকে পিটিয়ে আহত করার অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে তার বরখাস্তের আদেশ প্রত্যাহার হয়।
শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, ‘‘সুরুজ উদ্দিনকে গোপালগঞ্জ জেলা পুলিশে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে আমরা ওই আদেশের কপি পেয়েছি। এরপর তিনি শরীয়তপুর থেকে গোপালগঞ্জে চলে গেছেন।’’



