গোপালগঞ্জে এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) ‘‘জুলাই পদযাত্রা’’ ঘিরে সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আজ শুক্রবার (১৮ জুলাই) দুপুর পর্যন্ত অন্তত ৪৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
শুক্রবার (১৮ জুলাই) কারফিউয়ের সময় দ্বিতীয় দফায় বাড়িয়ে সকাল ১১টা পর্যন্ত এবং আংশিক শিথিল করে বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ রাখা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মির সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘‘আটক ৪৫ জনকে আজ শুক্রবার কোর্টের মাধ্যমে জেলা কারগারে পাঠানো হয়েছে।’’
কারফিউ পরিস্থিতি
৩ ঘণ্টার জন্য কারফিউ শিথিল হওয়ার পর গোপালগঞ্জ শহর ও আশপাশের এলাকায় যানবাহনের স্বাভাবিক চলাচল দেখা গেছে। সকাল থেকেই আন্তজেলা বাস চলাচল শুরু হয়। গতকালের তুলনায় আজ সড়কে মানুষ বেশি দেখা গেছে।
এর আগে গত বুধবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলা-সংঘর্ষের পর রাত ৮টার দিকে কারফিউ জারি করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ওই হামলা চালায়। এতে সেদিন গুলিবিদ্ধ হয়ে ৪ জনের মৃত্যু হয় এবং বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় রমজান মুন্সি (৩৫) নামে এক রিক্সাচালক মারা যায়। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৫।
এদিকে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কারফিউ শিথিল থাকার সময় গোপালগঞ্জ শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত লঞ্চঘাট-সংলগ্ন রাস্তায় প্রচুর ইজিবাইক, ব্যাটারিচালিত অটোরিকশা ও টেম্পু (মাহিন্দ্র) চলতে দেখা যায়। সড়কে রয়েছে প্রাইভেটকার ও মোটরসাইকেল। জরুরি দরকারে বিভিন্ন গন্তব্যে ছুটছেন মানুষ। মূল সড়কের পাশের ও গলির ভেতর বেশ কিছু দোকান খুলেছে। তবে মার্কেট বন্ধ রয়েছে। বাজারের বেশির ভাগ দোকান খোলেনি।
এদিকে উদ্ভূত পরিস্থিতিতে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। বিশেষ করে ফল-সবজির মতো কাঁচা পণ্যের ব্যবসায়ীরা পড়েছেন মহাবিপাকে। দোকান বন্ধ থাকায় তাদের পণ্য পচতে শুরু করেছে।
শহরের বড় বাজারের ফল ব্যবসায়ী রতন সাহা বলেন, ‘‘কারফিউয়ে দোকান খুলতে না পারায় মারাত্মক ক্ষতির মুখে পড়েছি। তিন দিনে প্রায় ৩০ হাজার টাকার ফল পচে গেছে। আজ তিন ঘণ্টার জন্য দোকান খুলেছি। কিন্তু এই সময়ে আর কতটুকু বিক্রি করা যায়। বাকি ফলগুলোও পচে যাবে। আমরা চাই, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসুক।’’
এসময় শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্কতার সঙ্গে টহল ও অবস্থান করতে দেখা গেছে।



গোপালগঞ্জে হামলা-সংঘর্ষে নিহত বেড়ে ৫