ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের সঠিক সংখ্যা ও তথ্য সংগ্রহে ৬ সদস্যের কমিটি গঠন করেছে স্কুল কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২২ জুলাই) রাতে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমের সই করা অফিস আদেশে বলা হয়- আহত, নিহত, নিখোঁজ শিক্ষার্থীসহ সবাইকে তালিকাভুক্ত করে নাম-ঠিকানাসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন ৩ কর্মদিবসের মধ্যে জমা দিতে হবে।
কমিটির সভাপতি করা হয়েছে অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমকে। অন্যান্য সদস্যরা হলেন- উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, প্রধান শিক্ষিকা খাদিজা আক্তার, কো-অর্ডিনেটর লুৎফুন্নেসা লোপা, অভিভাবক প্রতিনিধি মনিরুজ্জামান মোল্লা, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মারুফ বিন জিয়াউর রহমান ও মো. তাসনিম ভূঁইয়া প্রতিক।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, আহত ও নিহতদের প্রকৃত সংখ্যা নিরূপণ করে দ্রুত পরিবারগুলোকে যথাযথ সহায়তা দেওয়া হবে।
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। সর্বশেষ গতকাল মঙ্গলবার দুপুরে আইএসপিআর ৩১ জন নিহত এবং ১৬৫ আহতের খবর জানিয়েছে।



