রাজধানী ঢাকার মোহাম্মদপুর-আদাবর এলাকা নিরাপদ করার দাবিতে বিশেষ র্যালি হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের সামনে থেকে শুরু হয়ে নুরজাহান রোড, টাউন হল হয়ে তাজমহল রোড এলাকায় কর্মসূচি শেষ হয়।
এতে স্থানীয় ৭০টি স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ইমাম, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র্যালিতে অংশ নেন।
র্যালিতে দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার বলেন, “মোহাম্মদপুরকে এখন অনেকেই শুধু অপরাধের এলাকা মনে করেন। আজ যেভাবে শিক্ষার্থীরা রাস্তায় দাঁড়িয়েছে, বোঝা যায় পরিবর্তনের বাতাস বইছে। মাদক, সন্ত্রাস ও গ্যাং কালচারের বিরুদ্ধে এ প্রতিরোধ সারাদেশে ছড়িয়ে দেওয়া দরকার।”
বিএনপি চেয়াপার্সনের উপদেষ্টা মোহাম্মদ আবদুস সালাম বলেন, “মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রায় নেতিবাচক খবর হয়। তবে আজকের কর্মসূচি প্রমাণ করল– এখানকার শিক্ষক-শিক্ষার্থীরা সচেতন। এ শক্তি কাজে লাগিয়ে আমরা মোহাম্মদপুরকে বাসযোগ্য ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে পারি।”
মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের অধ্যক্ষ অধ্যাপক এইচ এম ওয়ালিউল্লাহ বলেন, “শিক্ষক সমাজ আজ ঐক্যবদ্ধ। মোহাম্মদপুর-আদাবরের সব অন্যায় দূর হবে। আমরা শিক্ষার আলো দিয়ে সমাজ আলোকিত করব।”
আলফা স্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুল হাসান বলেন, “সমাজ বদলের জন্য শুধু প্রশাসন নয়, দরকার সবার সম্মিলিত উদ্যোগ। আজ মোহাম্মদপুর-আদাবরের মানুষ তা করে দেখিয়েছে। এটি এক দিনের প্রতীকী প্রতিবাদ নয়। আমরা ধারাবাহিকভাবে সভা-সেমিনার, কর্মশালার মাধ্যমে মাদক, সন্ত্রাস ও গ্যাং কালচারের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরি করব।”



