খুলনার রূপসায় কৃষি ব্যাংকের গেট ও লকার ভেঙে ১৬ লাখ টাকা লুটের ঘটনায় তিন নিরাপত্তা প্রহরীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) ব্যাংক কর্তৃপক্ষ এ ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা করেছে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “টাকা লুটের ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলার বাদী হয়েছেন শাখা ব্যবস্থাপক কামরুল ইসলাম। সিসিটিভির ফুটেজে দেখা গেছে মুখে কাপড় বাধা এক দুর্বৃত্ত। যে কারণে তাকে চিহ্নিত করা যায়নি। সিসিটিভির ফুটেজ মোতাবেক শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। জিজ্ঞাসাবাদের জন্য তিন নিরাপত্তা প্রহরীকে থানায় নেওয়া হয়েছে। তবে তাদের আসামি করা হয়নি।”
পুলিশ হেফাজতে থাকা তিন নিরাপত্তা প্রহরী হলেন আফজাল, আবুল কাশেম ও তরিকুল।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল থেকে শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১০টা পর্যন্ত যেকোনো সময়ে এ লুটের ঘটনা ঘটছে বলে ধারণা করা হচ্ছে। কৃষি ব্যাংকের এই শাখাটি পূর্ব রূপসা পেট্রোল পাম্প ও পূর্ব রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ির নিকটে খুলনা-মোংলা মহাসড়কের পাশে অবস্থিত।
পুলিশ জানায়, ব্যাংকের নিরাপত্তা প্রহরী আবুল কাশেম শুক্রবার রাত ১০টার দিকে ব্যাংকে এসে দেখেন মেইন গেটের তালা ভাঙা। ব্যাংকে গিয়ে দেখেন সেখানেও মূল গেট ও লকার ভাঙা। সবকিছু এলোমেলো। নিরাপত্তা প্রহরী বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানান। পরে ব্যাংকের ক্যাশিয়ার পুলিশের উপস্থিতিতে লেজার ও ক্যাশ মিলিয়ে দেখেন ১৬ লাখ টাকা নেই।
ব্যাংকের নিরাপত্তা প্রহরী আবুল কাশেম বলেন, “তার স্ত্রী অসুস্থ থাকার কারণে শুক্রবার সারাদিন তিনি ব্যাংকে ছিলেন না। তবে দুপুর ২টার দিকে একবার এসে দেখেছেন সব ঠিকঠাক আছে।” আবুল কাশেমের মতে বিকেলের দিকে এ ঘটনা ঘটতে পারে।
কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপক কামরুল ইসলাম জানান, ব্যাংকের ভল্টে ১৬ লাখ ১৬ হাজার টাকা ছিল, যা লুট হয়ে গেছে।



খুলনায় কৃষি ব্যাংকের লকার ভেঙে ১৬ লাখ টাকা লুট