Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

শুক্রবার থেকে নতুন দামে বিক্রি হবে সয়াবিন তেল

গত ২০ ফেব্রুয়ারি সয়াবিন তেলের দাম কমানোর সিদ্ধান্ত হয়

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩৩ পিএম

মার্চের শুরু থেকেই কার্যকর হচ্ছে সয়াবিন তেলের নতুন দাম। অর্থাৎ, শুক্রবার (১ মার্চ) থেকে খুচরা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৬৩ টাকায়। প্রতি লিটার লুজ সয়াবিন তেল বিক্রি হবে ১৪৯ টাকায়। আর বোতলজাত ৫ লিটার সয়াবিন তেলের দাম পড়বে ৮০০ টাকা।

গত ২০ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্সের সভায় সয়াবিন তেলের দাম কমানোর সিদ্ধান্ত হয়। সেখানে ১ মার্চ থেকে সয়াবিন তেলের নতুন এই দর কার্যকর করার কথা বলা হয়েছিল।

ওই সভায় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, “সরকার পাঁচ টাকা ছাড় দিয়েছে। এখন রমজান সামনে রেখে আপনারা নিজেরাও পাঁচ টাকা ছাড় দেন।” যদিও সয়াবিন তেল ছাড়া পাম তেল বা অন্য পণ্যের দাম কমানো হয়নি।

সভায় উপস্থিত মিলমালিক ও তেল পরিশোধনকারীরা তা মেনে নিলে নতুন দাম নির্ধারিত হয়। তবে পবিত্র ঈদ-উল-ফিতরের পর সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হবে বলে জানিয়েছে দৈনিক প্রথম আলো।

এর আগে, গত ২৯ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে চার নিত্যপণ্যের শুল্ক কমানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব পণ্য হলো চাল, ভোজ্যতেল, চিনি ও খেজুর। এরপর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শুল্ক কমানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

এনবিআর শুল্ক কমানোর ঘোষণা দেওয়ার পর ২০ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ের ওই সভা হয়। তারপর বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে দাম কমানোর কথা জানায়, যা আগামীকাল ১ মার্চ থেকে কার্যকর হওয়ার কথা।

   

About

Popular Links

x