Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

খাদ্যমন্ত্রী: রমজানে চাল পাবে ৫০ লাখ পরিবার

১০ মার্চের মধ্যে এই খাদ্য বিতরণ শেষ করা হবে

আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০৬:২৯ পিএম

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় পবিত্র রমজান উপলক্ষে আগামী ১০ মার্চের মধ্যে ৫০ লাখ পরিবারকে দেড় লাখ টন চাল দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সোমবার (৪ মার্চ) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শেষে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, “খাদ্যবান্ধব কর্মসূচি ১ মার্চ থেকেই লিফটিং (ডিলারদের চাল ওঠাতে) করতে বলেছি। ১ থেকে ২০ মার্চ পর্যন্ত আমাদের একটি সিদ্ধান্ত ছিল। সেটি কমিয়ে ১০ মার্চের মধ্যে ৫০ লাখ পরিবারকে দেড় লাখ টন খাদ্য বিতরণ শেষ করা হবে।”

এ উদ্যোগের ফলে বাজারে স্বস্তি ফিরবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “দেড় লাখ টন চাল যদি বাজারে ১৫ টাকা দরে যায়, তাহলে ৫০ লাখ পরিবারকে তো আর বাজার থেকে চাল কিনতে হবে না। এতে স্বস্তি আসবে বলে মনে করি।”

২০ ফেব্রুয়ারি থেকে বস্তায় চালের দাম ও জাত লেখা থাকার সিদ্ধান্ত কার্যকর হয়েছে কি না-জানতে চাইলে সাধন চন্দ্র মজুমদার বলেন, “আমরা ২০ ফেব্রুয়ারির মধ্যে পরিপত্র জারি করবো বলেছিলাম। আর কার্যকর করব ১৪ এপ্রিল বা পহেলা বৈশাখ থেকে। তখন বাজারে বোরোর নতুন চাল আসবে।”

তিনি বলেন, “যেসব চাল এখন বাজারে বস্তাবন্দি আছে এবং সিল মারা আছে, সেগুলো এখন আর কেউ প্যাকেট বদলাবে না। কাজেই নতুন বছরে বোরো চাল উঠবে, তখন থেকে এটা কার্যকর হবে।”

এদিকে রমজায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে এক কোটি পরিবারের কাছে ছয়টি প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিক্রি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

পণ্যগুলো যেন দেশের মানুষের কাছে সঠিকভাবে পৌঁছায় তা পর্যবেক্ষণ করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, “আগামী বছর থেকে ট্রাকের পরিবর্তে টিসিবির পণ্য স্থায়ী দোকানে বিক্রি করা হবে। রমজানের আগে ভারত থেকে এক লাখ মেট্রিক টন চিনি ও ৫০ লাখ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হবে।”

তিনি বলেন, “শুল্ক কমাতে তেলের দাম ১০ টাকা কমানো হয়েছে। রমজানকে সামনে রেখে সব পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। কোনো পণ্যের দাম বাড়ানো হবে না।”

   

About

Popular Links

x