Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার বেশি এখন যুক্তরাষ্ট্রে, কমেছে ভারতে

জুলাইয়ের আগে বাংলাদেশের ক্রেডিট কার্ডের সবচেয়ে বেশি ব্যবহার হতো ভারতে

আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ০৩:১৮ পিএম

গত জুলাই-আগস্টের আন্দোলনের পর দেশের পরিবর্তিত পরিস্থিতির প্রভাব পড়েছে বিদেশে বাংলাদেশি ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রেও। জুলাইয়ের আগে বাংলাদেশের ক্রেডিট কার্ডের সবচেয়ে বেশি ব্যবহার হতো ভারতে। তবে দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর গত তিন মাসে ভারতে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার কমেছে। আর এই সময়ে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহারের শীর্ষ দেশে উঠে এসেছে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ ব্যাংকের তথ্য ‍বিশ্লেষণ করে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম প্রথম আলো।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশি যুক্তরাষ্ট্রে খরচ করেছেন প্রায় ৭৭ কোটি টাকা।

প্রথম আলোর প্রতিবেদনটিতে বলা হয়, বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহারে শীর্ষ অবস্থান থেকে দ্বিতীয় স্থানে নেমে এসেছে ভারত। সেপ্টেম্বরে দেশটিতে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে খরচ করেছেন ৫১ কোটি টাকা। জুলাইয়ে শিক্ষার্থীদের আন্দোলন শুরুর আগে জুন মাসে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে ভারতে সর্বোচ্চ ৯২ কোটি টাকা খরচ করেছিলেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে বিদেশে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে যত অর্থ খরচ করেন, তার প্রায় ১৮% খরচ হয় যুক্তরাষ্ট্রে। সেপ্টেম্বর মাসে বাংলাদেশি ক্রেডিট কার্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র, ভারত, থাইল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে খরচ করা হয় প্রায় ৪২১ কোটি টাকা। আগস্টে যার পরিমাণ ছিল ৩৭৩ কোটি টাকা। সেই হিসাবে এক মাসের ব্যবধানে বিদেশে ক্রেডিট কার্ডে খরচ ৪৮ কোটি টাকা বা প্রায় ১৩% বেড়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, জুলাই থেকে বাংলাদেশিদের ভিসা প্রদানের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে ভারত। এ কারণে দেশটিতে বাংলাদেশিদের ভ্রমণ উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। যার ফলে দেশটিতে কমে গেছে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহারও।

প্রথম আলোর প্রতিবেদনে আরও বলা হয়, আগস্টের তুলনায় সেপ্টেম্বরে এসে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচ যে পরিমাণ বেড়েছে, তার বড় অংশই বেড়েছে থাইল্যান্ড, মালয়েশিয়া ও নেদারল্যান্ডসে।

ব্যাংক খাত–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাংলাদেশিদের জন্য ভারত ভ্রমণ ভিসায় কড়াকড়ি আরোপের ফলে বাংলাদেশিদের এখন অন্যতম ভ্রমণ–গন্তব্য হয়ে উঠেছে থাইল্যান্ড ও মালয়েশিয়া। এ কারণে এই দুটি দেশে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।

এদিকে, কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বিভাগ দেশের ক্রেডিট কার্ড ইস্যুকারী ৪৪টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের তথ্য নিয়ে প্রতিবেদনটি তৈরি করেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে দেশের অভ্যন্তরে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে খরচ করেছেন ২,৬৬৮ কোটি টাকা। আগস্টে যার পরিমাণ ছিল ২,৩৩২ কোটি টাকা। সেই হিসাবে আগস্টের চেয়ে সেপ্টেম্বরে দেশের ভেতরে ক্রেডিট কার্ডে খরচ ৩৩৬ কোটি টাকা বা ১৪.৪০% বেড়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশে বাংলাদেশিরা ক্রেডিট কার্ড ব্যবহার করে সবচেয়ে বেশি অর্থ খরচ করেন ডিপার্টমেন্ট স্টোরে। বিদেশের মাটিতে ক্রেডিট কার্ডের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহার ছিল রিটেইল আউটলেট সার্ভিসে। উভয় ক্ষেত্রেই খরচ আগস্টের তুলনায় সেপ্টেম্বরে বেড়েছে।

   

About

Popular Links

x