Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

জাপানের সঙ্গে ‘ইতিহাসের সবচেয়ে বড়’ বাণিজ্য চুক্তি সই করলেন ট্রাম্প

বেশকিছু মার্কিন পণ্যের জন্য নিজেদের বাজার উন্মুক্ত করে দেবে জাপান

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১২:৪১ পিএম

জাপানের সঙ্গে একটি ‘‘বড়’’ আকারের বাণিজ্য চুক্তির বিষয়ে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, এ চুক্তির আওতায় জাপানি পণ্যের ওপর ১৫% হারে পাল্টা শুল্ক বলবৎ থাকবে। অপরদিকে যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে জাপান। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।

ট্রাম্পের দেওয়া পোস্টে আরও জানানো হয়, নতুন এ বাণিজ্য চুক্তির আওতায় গাড়ি, চাল, ট্রাক ও বেশকিছু কৃষিসামগ্রীসহ মার্কিন বিভিন্ন পণ্যের জন্য নিজেদের বাজার উন্মুক্ত করে দেবে জাপান।

এর আগে গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘‘মাত্রই আমি ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি সই করেছি। আমার মনে হয়, এটা সম্ভবত জাপানের সঙ্গে আমাদের পারস্পরিক ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি। এখানে (হোয়াইট হাউসে) তাদের শীর্ষ ব্যক্তিরা ছিলেন। আমরা এটা (চুক্তি) নিয়ে দীর্ঘ সময় কাজ করেছি। এটা সবার জন্যই একটি দারুণ চুক্তি। আমি সব সময় বলি, এটা সবার জন্যই দুর্দান্ত হতে হবে। এটা দারুণ একটি চুক্তি।”

জাপানকে দেওয়া এক চিঠিতে ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, আগামী ১ আগস্টের আগে নতুন বাণিজ্য চুক্তি চূড়ান্ত করা না গেলে জাপানি পণ্যের ওপর ২৫% শুল্ক কার্যকর করা হবে।

এদিকে আরেক বার্তায় ট্রাম্প জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির বিষয়ে বুধবার (২৩ জুলাই) ঘোষণা আসতে পারে। শিগগির আরও বেশকিছু চুক্তির কথাও জানা যাবে বলে জানান তিন।

   

About

Popular Links

x