Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষোভ জানিয়ে যা বললো ঢাবির সাদা দল

শুক্রবার এক যৌথ বিবৃতিতে সংগঠনটির আহ্বায়ক ড. মো. মোর্শেদ হাসান খান এসব তথ্য জানান

আপডেট : ২৯ মে ২০২৬, ০৬:৪১ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোচিং সেন্টার এর সঙ্গে তুলনা করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের সংগঠন সাদা দল।

শুক্রবার (২৯ মে) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির আহ্বায়ক ড. মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক ড. আবদুস সালাম ও ড. মো. আবুল কালাম সরকার এ মন্তব্যকে “চরম অবমাননাকর ও দায়িত্বজ্ঞানহীন” বলে উল্লেখ করেন।

বিবৃতিতে বলা হয়, গবেষণা ও প্রকাশনায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শীর্ষ অবস্থানে রয়েছে এবং আন্তর্জাতিক র‍্যাংকিংয়েও এটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে। বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন অনুষদে প্রায় ৫৬টি গবেষণা কেন্দ্র ও ব্যুরো রয়েছে, যার মধ্যে উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র (সিএআরএস) ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র (সিএসএসআর) উল্লেখযোগ্য।

শিক্ষক নেতারা দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা নিয়মিতভাবে স্কোপাস ও ওয়েব অব সায়েন্স ইনডেক্সড জার্নালে গবেষণা প্রকাশ করছেন। একই সঙ্গে তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বেসরকারি কিছু বিশ্ববিদ্যালয়ের তুলনা করা “অসত্য ও বিভ্রান্তিকর”।

বিবৃতিতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং দেশের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, গণআন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনের ঐতিহাসিক অংশীদার। পহেলা বৈশাখ উদযাপনসহ বাঙালি সংস্কৃতি বিকাশেও প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সাদা দলের নেতারা বলেন, “বাংলাদেশ মানেই ঢাকা বিশ্ববিদ্যালয়” এমন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে ‘কোচিং সেন্টার’ বলা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও অগ্রহণযোগ্য।

তারা প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানান এবং সতর্ক করে বলেন, দাবি মানা না হলে বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষায় কঠোর কর্মসূচি দেওয়া হবে।

   

About

Popular Links

x