প্রকাশ্য লোকসমাগম, পাশাপাশি দাঁড়িয়ে সময়ের দুই জনপ্রিয় অভিনয়শিল্পী সিয়াম আহমেদ ও সুনেরাহ বিনতে কামাল। হঠাৎই সিয়ামকে চুমু খেতে উদ্যত হন সুনেরাহ, বিষয়টি ভালো লাগেনি সিয়ামের। এটুকুতে শেষ হতে পারত, কিন্তু সিয়াম মেজাজ হারিয়ে সুনেরাহকে চড় দিয়ে বসেন। এরপর স্বাভাবিকভাবেই ঘটনাস্থল ত্যাগ করেন সুনেরাহ।
এমন একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই জেগেছে প্রশ্ন। প্রশ্ন উঠেছে, কোথায় ঘটল এমন ঘটনা? শুটিং সেট নাকি বাস্তব কোনো ঘটনার দৃশ্য?
কীভাবেই বা সামনে এলো সেই ভিডিও। এই নিয়ে জল্পনার পারদ যখন তুঙ্গে, তখন সামনে এলেন সিয়ামের স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে শাম্মা ওই ঘটনার দিকে ইঙ্গিত করে লেখেন, “ভাই! এটা শুটিং ছিল। তারা খুব ভালো বন্ধু। সুনেরাহ আমারও খুব ভালো বন্ধু।”
তার ভাষ্য, “কেউ ভালোবেসে চুমু দেয়নি, আর চড়টাও রেগে মারে নাই। আমার ইনবক্সে ম্যাসেজের বন্যা বয়ে যাচ্ছে। অতিরিক্ত ট্যাগের কারণে নোটিফিকেশন দেখানো বন্ধ হয়ে গেছে।”
শাম্মা দাবি করেন, “যাই হোক, এটি এতটাই বাস্তব লাগছিল যে, দৃশ্যটি বুঝতে আমারও কয়েক সেকেন্ড সময় লেগেছে!”
এ বিষয়ে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল সাংবাদিকদের জানান, “অন্তর্জাল সিনেমায় ভাইরাল হওয়া ভিডিও এটি। মানে, আসলে ‘অন্তর্জাল' ছবির শুটিংয়ের দৃশ্য। চিত্রনাট্যের প্রয়োজনেই সিয়ামকে চুমু খাওয়া এবং প্রত্যুত্তরে সিয়ামের চড় হজম করা।”



