২০১৯ সালে বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের ছায়া অবলম্বনে “পরাণ” সিনেমা নির্মাণ করেন রায়হান রাফী। সেই সিনেমায় মিন্নির চরিত্রে অভিনয় করেন বিদ্যা সিনহা মিম। সিনেমাটির সুবাদে আকাশচুম্বী সাফল্য পান মিম।
এবার আরেকটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে “আমি ইয়াসমিন বলছি”। সিনেমাটিতে দিনাজপুরের “ইয়াসমিন” হয়ে ক্যামেরার সামনে দাঁড়াবেন মিম। পরিচালনা করছেন সুমন ধর।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে ছবিটিতে চুক্তিবদ্ধ হন তিনি। শিগগিরই চরিত্রটির জন্য প্রস্তুতি নিতে শুরু করবেন বলে জানালেন মিম।
মিম বলেন, “আমি এখন সব ধরণের চিত্রনাট্যে কাজ করছি না। একটু চিন্তাভাবনা করে ছবির কাজ হাতে নিচ্ছি। গত ছয় মাস ধরে এই ছবির পরিচালকের সঙ্গে আমারত কথা হচ্ছিল। গল্পটি যখন পড়ি, কেঁদে ফেলেছিলাম আমি।”
বলা জরুরি, ইয়াসমিনের ঘটনা মনে থাকবে নব্বই দশকের কিশোর-যুবক থেকে জ্যেষ্ঠদের। ১৯৯৫ সালের ২৩ আগস্ট রাতে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী বাসে দিনাজপুরের উদ্দেশে রওনা দেন ইয়াসমিন নামে এক কিশোরী। তার বয়স ছিল আনুমানিক ১৬ বছর। ভোররাতে বাসের স্টাফরা তাকে দিনাজপুর-দশমাইল মোড়ে এক চায়ের দোকানদারের জিম্মায় দিয়ে যান। সকাল হলে দিনাজপুরগামী বাসে তুলে দেওয়ার অনুরোধ করেন তারা। কিন্তু কিছুক্ষণ পর টহল পুলিশের একটি ভ্যান সেখানে আসে এবং একপ্রকার জোর করেই দিনাজপুরে পৌঁছে দেওয়ার কথা বলে নিয়ে যায়।
পথে কিশোরীকে ধর্ষণ শেষে হত্যা করে লাশ ফেলে দেয় মহাসড়কে। ওই ঘটনায় দিনাজপুরের মানুষ ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসে। আন্দোলন গড়ে তোলে। সেই আন্দোলনে পুলিশ গুলি চালায়। পুলিশের গুলিতে প্রাণ হারান সাত আন্দোলনকারী। আহত হন দুই শতাধিক। দিনাজপুরসহ সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে।
সেই ইয়াসমিন চরিত্রেই এবার অভিনয় করবেন মিম। আগামী এপ্রিল নাগাদ শুরু হবে ছবিটির শুটিং। গল্পের প্রয়োজনে দিনাজপুরে হবে অর্ধেক চিত্রায়ন। বাকিটা ঢাকায়।



