Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকায় নোরা ফাতেহি, সন্ধ্যায় উঠবেন মঞ্চে

আয়োজক প্রতিষ্ঠানের ফেসবুক পেজ থেকে দুটি ছবি পোস্ট করা হয়, যেখানে দেখা যায় গোলাপি রঙের হুডি ও ট্রাউজার পরে বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন নোরা ফাতেহি

আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ০৪:০৮ পিএম

অনেক নাটকীয়তা শেষে ঢাকায় পৌঁছালেন বলিউড তারকা নোরা ফাতেহি। শুক্রবার (১৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এই সফরে তিনি অংশ নেবেন উইমেন লিডারশিপ করপোরেশনের একটি আয়োজনে। নোরার ঢাকায় আসার খবরটি নিশ্চিত করা হয়েছে আয়োজক প্রতিষ্ঠানের ফেসবুক পেজ থেকে। 

দুটি ছবি পোস্ট করা হয়, যেখানে দেখা যায় গোলাপি রঙের হুডি ও ট্রাউজার পরে বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন নোরা ফাতেহি।

সন্ধ্যায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হবে নোরাকে ঘিরে জমকালো আয়োজন। যেটাকে গ্লোবাল এচিভার্স অ্যাওয়ার্ড প্রদান ও একটি তথ্যচিত্রের শুটিং বলে দাবি আয়োজক স্বর্ণা মারিয়া মৃত্তিকের। তিনি চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার বোন।

বৃহস্পতিবার রাতে ফেসবুক লাইভে এসে মৃত্তিক বলেন, “বিভিন্ন অ্যাওয়ার্ড শোতে বিদেশি তারকারা আসেন। তবে এ রকম নারী উদ্যোক্তার মাধ্যমে দেশের সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়-দপ্তরের অনুমতি সাপেক্ষে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে এত বড় আয়োজন আমার মনে হয় এটাই প্রথম। পুরো আয়োজনটির একটি তথ্যচিত্র বানানো হবে, যেটার নাম ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ'। এটা বাংলাদেশের নারী উন্নয়নের ওপর একটি তথ্যচিত্র। এটা বানানোর স্থানই হলো আমাদের অনুষ্ঠান।”

জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে শুরু হবে এই অনুষ্ঠান। এর আগে বিকেল ৪টায় দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে। প্রশ্ন উঠেছে, তথ্যচিত্রের শুটিংয়ের জন্য অনুমতি নিয়ে কীভাবে টিকিট বিক্রি করে দর্শক সমাগম করা হচ্ছে? এ বিষয়ে আয়োজক মৃত্তিক জানান, যেহেতু অ্যাওয়ার্ড অনুষ্ঠানই তথ্যচিত্রের শুটিং স্পট, তাই সেখানে দর্শকের উপস্থিতি থাকাটাই স্বাভাবিক। সেজন্যই সীমিত সংখ্যক দর্শককে টিকিটের বিনিময়ে অনুষ্ঠানটি দেখার সুযোগ দেওয়া হচ্ছে।

ঢাকার এই আয়োজন সেরে ১৯ নভেম্বর বিকেলে ভারতে উড়াল দেবেন নোরা।

“সাকি সাকি”, “দিলবার” গানে নাচ পরিবেশন করে ঝড় তোলা নোরা এ মুহূর্তে বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন। আইটেম গানের শিল্পী হিসেবে নোরা বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন। সেগুলোর মধ্যে রয়েছে “কিক টু”, “শের”, “লোফার”, “সত্যমেব জয়তে”, “স্ত্রী”, “ভারত”, “বাটলা হাউস”। 

হিন্দির পাশাপাশি তেলেগু, মালয়ালম ও তামিল ছবিতেও নোরা ফতেহির সরব উপস্থিতি নজর কাড়ে। কেবল বড় পর্দায় নয়, ছোট পর্দা ও মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি। “বিগ বস-৯”, “ঝলক দিখলা যা”, “কমেডি নাইটস”, “এমটিভি ট্রল পুলিশ”সহ অন্যান্য রিয়েলিটি শোতেও তার পারফরম্যান্স নজরকাড়া।

মরক্কীয় বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। ছোটবেলায় তিনি শাহরুখ খান ও হৃতিক রোশনের ভক্ত ছিলেন। আরবিতে ডাব করা তাদের অভিনীত সিনেমা দেখে বড় হয়েছেন নোরা। সেই থেকে স্বপ্ন, বলিউডে কাজ করবেন। কিন্তু রক্ষণশীল অভিভাবকের বাড়িতে সেটি ছিল প্রায় অসম্ভব। বলিউডে নাম লেখানোর স্বপ্ন নিয়ে ভারতে পা রেখেছিলেন তিনি।

   

About

Popular Links

x