Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

১৫ হাজারের টিকিটে ১৫ সেকেন্ড নাচলেন নোরা, ‘প্রতারণা’ বলছেন দর্শক

এক দর্শক বলেন, নোরা জাস্ট এলেন, টিকটকের মতো ১৫ সেকেন্ড নাচলেন। দু-চারটা কথা বলে পুরস্কার দিয়ে চলে গেলেন। মাত্র দুই মিনিটের জন্য আসলেন। আমরা আর কিছুই দেখতে পাইনি

আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ০৬:২৭ পিএম

নানা নাটকীয়তার পরে বলিউড তারকা নোরা ফাতেহি ঢাকায় এলেও মন ভরেনি দর্শকের। কয়েকটি শর্ত মেনে ঢাকায় আসতে হয়েছে তাকে।

শুক্রবার (১৮ নভেম্বর) উইমেন লিডারশিপ কর্পোরেশন আয়োজিত “গ্লোবাল এচিভার অ্যাওয়ার্ড-২০২২”-এ অংশ নেন এই বলিউড তারকা।

মঞ্চে উঠার পর দর্শক সারি থেকে “নোরা” “নোরা” চিৎকার উঠলেও আগ্রহী দর্শকদের উদ্দেশে শুধু উড়ন্ত চুমু ছুঁড়েছেন তিনি। গানের তালে তালে মঞ্চে উপস্থিত হলেও নাচের কোনো পরিবেশনায় অংশ নেননি। শুধু অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অংশেই সীমাবদ্ধ থাকেন।

এই অনুষ্ঠানের প্রতিটি টিকিটের দাম ছিল ৫ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকার মধ্যে। এত টাকার টিকেট কেটে নোরার দুই মিনিটের বক্তব্য শুনিয়ে দেওয়াকে দর্শকরা “প্রতারণা” হিসেবে দেখছেন।

অনুষ্ঠান শেষে ভিআইপি টিকেটধারী এক দর্শক অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভিআইপি কাস্টমার হিসেবে যে সম্মান প্রাপ্য, তার কিছুই পাইনি। আমাদের কোনো সম্মানই দেখানো হয়নি। নোরা জাস্ট এলেন, টিকটকের মতো ১৫ সেকেন্ড নাচলেন। দু-চারটা কথা বলে পুরস্কার দিয়ে চলে গেলেন। তাকে দেখে খুবই ক্লান্ত লাগছিল। মনে হচ্ছিল তার ইচ্ছার বিরুদ্ধে আনা হয়েছে। মাত্র দুই মিনিটের জন্য আসলেন। আমরা আর কিছুই দেখতে পাইনি।”

মৌসুমী আক্তার নিঝুম নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, “দেখে মনে হলো শুধু আসার জন্য তাকে টাকা দেওয়া হয়েছে, নাচার জন্য দেওয়া হয় নাই “

নোরার নাচের অনুশীলনের ভিডিও “ওমেন লিডারশিপ কর্পোরেশন”-এর পেইজে আপলোড দিয়ে বলা হয়েছিল “আর ইউ এক্সাইডেট টু সি দিস ভিডিও?” এরপরেই ছিল “গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড”-এর ব্যানার। তাছাড়া নোরার নাচের একাধিক ক্লিপ দেখিয়ে দর্শক টানা হয়েছে। এটা স্পষ্টত দর্শকদের সঙ্গে প্রতারণা।”

এস এম আব্দুল্লাহ আল মামুন নামে এক দর্শক অনুষ্ঠান শেষে বলেন, “নোরাকে দেখে মনে হয়েছে জোর করে আনছে। সে আসতে চায় নাই।”

অনুষ্ঠান শেষে রিফাত জাহান নামে এক দর্শক বলেন, “প্রায় পাঁচশ দর্শক ছিল। নোরা না নেচে নেমে যাওয়ার পর ভিআইপি দর্শকরা প্রায় চুপচাপই ছিলেন। তারা বেশির ভাগ টিকেট উপহার পেয়ে এসেছিলেন। কিন্তু যারা টিকেট কেটে দেখতে এসেছিলেন, তারা মনঃক্ষুণ্ন হয়েছেন। হইচই করেছেন। কিন্তু কোনো লাভ হয়নি।”

মহসিনা খান নামের ভিআইপি টিকেটের এক দর্শক বলেন, “নোরা ফাতেহির ফেসবুক ইনস্টাগ্রামে গেলেই তো হাই হ্যালো শোনা যায়। আমরা এসেছিলাম নাচ দেখতে। আমাদের এভাবে হতাশ করা উচিত হয় নাই।”

আয়োজনের অব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তোলেন সোনালী বিশ্বাস নামের এক দর্শক। তিনি বলেন, “স্টেজে এর লাইটিং দেখে মনে হচ্ছে কুয়াশা পড়ছে। অথচ নোরা স্টেজে উঠলে আরও দ্যুতি ছড়ানোর কথা। এত বাজে আয়োজনে আন্তর্জাতিক শিল্পীদের এনে দেশকে অপমান করা হয়।”   

আয়োজকরা যা বলছেন

আয়োজকদের একজনের কাছে নোরার না নাচার কারণ জানতে চেয়েছিল দৈনিক পত্রিকা প্রথম আলো। নাম প্রকাশ না করার শর্তে আয়োজকদের একজন জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে আমাদের অনুমতি দেওয়ার সময়ই বলা হয়েছিল, শুধু তথ্যচিত্রের শুটিং হবে; কোনো পরিবেশনায় অংশ নিতে পারবেন না নোরা। প্রশাসনের পক্ষ থেকে আমাদের বলা হয়েছিল, নোরা যেন না নাচে। যে পাঁচ সেকেন্ড পারফর্ম করেছেন, সেটা নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয়েছে আমাদের।

নোরা ফাতেহিকে ঢাকার আনার এই আয়োজনটি ছিল ওমেন্স লিডারশিপ কর্পোরেশনের, যার প্রতিষ্ঠাতা ইশরাত জাহান মারিয়া (মারিয়া মৃত্তিকা স্বর্ণা)।

দর্শকদের নেতিবাচক অভিব্যক্তির বিষয়ে তিনি বিডিনিউজকে বলেন, “নোরার পারফর্ম করার পারমিশন ছিল না। তাছাড়া তিনি সাত ঘণ্টা জার্নি করে এসেছেন। অনেক ক্লান্ত ছিলেন। এ অবস্থায় কিছু বলার ছিল না।”

“দর্শকদের সঙ্গে প্রতারণার” বিষয়ে তিনি বলেন, “নোরা ফাতেহি বাংলাদেশে আসতেই চাইছিল না। একদিন আগে তাকে রাজি করানো গেছে। নানা ঝামেলা হচ্ছিল। এই অবস্থায় তাকে আনতে পেরেছি, দর্শকের সামনে উপস্থিত করতে পেরেছি, এটাই অনেক।”

মঞ্চ মাতিয়েছেন বাংলাদেশি শিল্পীরাই

নোরা ফাতেহি অনুষ্ঠানের মূল আকর্ষণ হলেও মঞ্চ মাতিয়েছেন বাংলাদেশি শিল্পীরাই। তাদের মধ্যে ছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরিও।

মঞ্চে নববধূ রূপে দেখা যায় পূজাকে। নায়িকা পূজা চেরি বলেন, “এমন একটি অনুষ্ঠানে আসতে পেরে ভালো লাগছে।”

ঢাকায় অনুষ্ঠান করে কাতার বিশ্বকাপ ফুটবলে উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার কথা নোরার; সেখানে থিম সংয়ে তার নাচার কথা রয়েছে।

 “সাকি সাকি”, “দিলবার” গানে নাচ পরিবেশন করে ঝড় তোলা নোরা এ মুহূর্তে বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন। আইটেম গানের শিল্পী হিসেবে নোরা বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন। সেগুলোর মধ্যে রয়েছে “কিক টু”, “শের”, “লোফার”, “সত্যমেব জয়তে”, “স্ত্রী”, “ভারত”, “বাটলা হাউস”। 

হিন্দির পাশাপাশি তেলেগু, মালয়ালম ও তামিল ছবিতেও নোরা ফতেহির সরব উপস্থিতি নজর কাড়ে। কেবল বড় পর্দায় নয়, ছোট পর্দা ও মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি। “বিগ বস-৯”, “ঝলক দিখলা যা”, “কমেডি নাইটস”, “এমটিভি ট্রল পুলিশ”সহ অন্যান্য রিয়েলিটি শোতেও তার পারফরম্যান্স নজরকাড়া।

মরক্কীয় বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। ছোটবেলায় তিনি শাহরুখ খান ও হৃতিক রোশনের ভক্ত ছিলেন। আরবিতে ডাব করা তাদের অভিনীত সিনেমা দেখে বড় হয়েছেন নোরা। সেই থেকে স্বপ্ন, বলিউডে কাজ করবেন। কিন্তু রক্ষণশীল অভিভাবকের বাড়িতে সেটি ছিল প্রায় অসম্ভব। বলিউডে নাম লেখানোর স্বপ্ন নিয়ে ভারতে পা রেখেছিলেন তিনি।

   

About

Popular Links

x