গত বছর পুরোটা সময়জুড়ে ঢাকাই শোবিজ ছিল আলোচনায়। দীর্ঘদিনপর দর্শককে হলমুখি করা সিনেমা, চিত্রনায়ক-নায়িকাদের বিয়ে এবং চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন- দর্শককে শোবিজ অঙ্গণ থেকে চোখ ফেরাতে দেয়নি। বছরের শেষদিনও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় ছিল তারকা দম্পতি পরীমণি আর শরীফুল রাজের বিয়েবিচ্ছেদ।
এই বিচ্ছেদের ঘোষণার আগে সম্প্রতি পরীমণি অভিযোগ তুলেছিলেন, তার স্বামী শরীফুল রাজ চিত্রনায়িকা বিদ্যা সিনহার সঙ্গে জড়িয়ে যাচ্ছেন। এটি নিয়ে বেশ সমালোচনা তৈরি হয়েছিল। তবে, বিয়ে ভাঙার পর সেভাবে এই বিষয়টি আলোচনায় আসেনি। কেননা, রাজ-পরীর একে অপরের প্রতি সন্দেহ ও অভিযোগ থাকলেও মিমের প্রতি তার স্বামী সনি পোদ্দারের বা সনি পোদ্দারের প্রতি মিমের কোনো অভিযোগ নেই। বিয়ের এক বছর পরও মিমের মনে হয়েছে, তিনি এখনো সনিকে সেই আগের মতোই ভালোবাসেন।
দাম্পত্য জীবনের এক বছর পূর্ণ করেছেন মিম। ২০২২ সালের ৪ জানুয়ারি জমকালো আয়োজনে প্রেমিক সনি পোদ্দারের গলায় মালা পরিয়েছিলেন তিনি। আজ এক বছর পর সেই দিনটিকে উদযাপন করেছেন তারা। সেই উদযাপন ভক্তদের সঙ্গেও ভাগাভাগি করেছেন মিম। তাদের উদযাপনের কিছু স্থিরচিত্র ফেসবুকে শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, “৩৬৫ দিন পর এবং আমি এখনো তোমার জন্য পাগল। শুভ বিবাহবার্ষিকী আমার ভালোবাসা।”
মিম ও সনি পরিবারসমেত বর্তমানে অবস্থান করছেন দুবাইতে। সেখানেই জমেছে তাদের প্রথম বিয়বার্ষিকীর আয়োজন। দুজন মিলে দুবাইয়ের বিভিন্ন আকর্ষণীয় স্থানে ঘুরে বেড়াচ্ছেন, পরম ভালোবাসায় বন্দী হচ্ছেন স্থিরচিত্রে।
এর আগে মঙ্গলবার মিম-সনি গিয়েছিলেন দুবাইয়ের বিখ্যাত মিরাকল গার্ডেনে। সেখানেও স্বামীর বুকে-বাহুতে থেকে পোজ দিয়েছেন ক্যামেরায়। সঙ্গে বললেন, “চোখের পলকেই কেটে গেলো বিয়ের এক বছর। যদিও আট বছরের ভালোবাসা, কিন্তু মনে হয় এইতো সেদিন মাত্র দেখা হলো।”
স্বামীর কাছে মিমের প্রেমময় আবদার, “আমি তোমাকে অসংখ্যভাবে অসংখ্যবার ভালোবেসেছি। তাও তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে প্রথমের মতই নতুন লাগে। এমনই সুন্দর, স্নিগ্ধ আর নতুন থাকুক আমাদের জীবন। আমাকে এভাবেই আগলে রেখো সবসময়।”
বিয়ের আগে মিম ও সনি প্রায় সাত বছর লুকিয়ে প্রেম করেছেন। তাদের প্রেম এতোই গোপন ছিলো যে, কেউ টের পায়নি। এমনকি কখনো গুঞ্জনও ওঠেনি। ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন সুক্ষ্মভাবেই সামলেছেন নায়িকা।
গত ২৯ ডিসেম্বর দুবাই গেছেন মিম। ঢাকায় ফিরবেন আগামী ৮ জানুয়ারি। ৯ জানুয়ারি যাবেন কলকাতায়। সেখানে অংশ নেবেন “মানুষ” নামের একটি সিনেমার শুটিংয়ে। সঞ্জয় সমদ্দারের পরিচালনায় এতে মিমের নায়ক টলিউড সুপারস্টার জিৎ।



