দীর্ঘ প্রায় তিন মাস ধরে ফিলিস্তিনে সংঘাত চলছে। হামাস-ইসরায়েলের যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছেন পপতারকা দুয়া লিপা। সম্প্রতি রোলিং-স্টোনের সঙ্গে এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান।
এই পপতারকা বলেন, “আমি মনে করি, শুধু একজন সঙ্গীতশিল্পী হওয়া এবং এ সম্পর্কে পোস্ট করাই যথেষ্ট নয়। সংহতি জানানো প্রয়োজন। এটা খুবই গুরুত্বপূর্ণ।”
লিপা বলেন, “হামাসের আক্রমণ নিয়ে প্রতিটি ইসরায়েলি জীবনের জন্য আমার খুব খারাপ লাগছে।”
লিপার জন্ম হয়েছিল আলবেনিয়ান পিতামাতার পরিবারে। যুদ্ধের কারণে তারা দেশত্যাগ করেছিলেন। সেসব উল্লেখ করে এই পপতারকা বলেন, “আমার অস্তিত্ব এক ধরনের রাজনৈতিক। আমি লন্ডনে থাকতাম। কারণ, আমার বাবা-মা যুদ্ধের কারণে দেশ ছেড়েছিলেন।”
“আমি ওইসব মানুষের কষ্ট খুব অনুভব করি, যারা তাদের বাড়ি ছেড়ে ছেড়েছে। কেউই তাদের বাড়ি ছেড়ে যেতে চায় না। তবু এটা করে শুধুমাত্র জীবন বাঁছাতে। তাদের পরিবারকে বাঁচানোর জন্য, তাদের চারপাশের লোকদের দেখাশোনা করার জন্য, একটি উন্নত জীবনের জন্য।”
হামাসের হামলায় নিহত ইসরায়েলিদের পাশাপাশি গাজায় নিহত ফিলিস্তিনিদের জন্যও শোক জানিয়েছেন লিপা। সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে ডি-এস্কেলেশন এবং যুদ্ধবিরতির জন্য চাপ দিয়ে একটি খোলা চিঠিও পাঠিয়েছিলেন।
মার্ক রাফালো, অ্যান্ড্রু গারফিল্ড, কেট ব্ল্যানচেট, হোয়াকিন ফিনিক্সসহ আরো ৫৫ জন তারকা খোলা চিঠি পাঠিয়েছিলেন বাইডেনকে। মানবিক সংকট মোকাবিলায় বিশ্বনেতাদের জরুরি পদক্ষেপের ওপর জোর দিয়ে শত্রুতা বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন তারকারা।
এর আগে ২০২১ সালে দুয়া লিপা এবং অন্য তারকারা ফিলিস্তিনের মুক্তিকে সমর্থন করে ইহুদিবিরোধিতার অভিযোগের মুখোমুখি হয়েছিলেন।



