Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

শিল্পী সমিতির নির্বাচন: মিশার প্রস্তাব নিয়ে ভাবছেন মাহি

প্রায় দেড় বছর সিনেমার বাইরে ছিলেন
সম্প্রতি মিডিয়ায় ফেরেন 

আপডেট : ১৫ মার্চ ২০২৪, ১০:৫২ এএম

জাতীয় নির্বাচনের পরে এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন মাহিয়া মাহি। গত কয়েক দিন ধরেই এমন এক গুঞ্জন ছড়িয়েছে। যদিও মাহির মন্তব্য, নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারটি এখনই চূড়ান্ত নয়।

প্রায় দেড় বছর সিনেমার বাইরে ছিলেন এই অভিনেত্রী। এরমধ্যে জাতীয় নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। সম্প্রতি তার সংসার ভাঙে। এরপরই মিডিয়ায় আবারও ফেরেন তিনি। শুরু করেন স্টেজ শো। প্রস্তুতি নিচ্ছেন সিনেমায় ফেরারও। এরমধ্যেই আরেক ভোটে প্রতিদ্বন্দ্বিতার খবর এলো।

এ প্রসঙ্গে মাহি বলেন, “মিশা ভাই আমাকে তাদের প্যানেল থেকে নির্বাচন করার প্রস্তাব দিয়েছেন। আমি এখনো সিদ্ধান্ত নিইনি। ‘হ্যাঁ’, ‘না’ কিছুই বলিনি। মিশা ভাইকে বলেছি, আমাকে ভাবার সময় দেন, দেখি।”

তিনি বলেন, “আমি টুকটাক জাতীয় রাজনীতির সঙ্গে জড়িত। এ বছরে জাতীয় সংসদ নির্বাচনে একটি আসন থেকে সংসদ সদস্য পদে স্বতন্ত্রভাবে অংশ নিয়েছিলাম। এখন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিলে আমার জাতীয় রাজনীতির ক্ষেত্রে লাভ হবে না ক্ষতি হবে, সে বিষয়টিও আমার মাথায় রাখতে হবে, ভাবতে হবে। এ জন্য মিশা ভাইয়ের কাছে সময় চেয়েছি। সবদিকে ভেবে শিগগিরই আমার সিদ্ধান্তের কথা জানাব।”

নির্বাচন করা বা রাজনীতির ব্যাপারে মাহির বক্তব্য, “আমি মনে করি মানুষ রাজনীতি করে, নির্বাচন করে দেশসেবা, জনসেবা করার জন্য। শিল্পী সমিতি থেকে নির্বাচন করে জয়ী হয়ে এসে শিল্পীদের স্বার্থে, শিল্পীদের কল্যাণে কাজ করা সম্ভব। এটিও এক ধরনের জনসেবার কাজ।”

শিল্পী সমিতির ২১ সদস্যের কমিটির কোন পদে মাহিকে নির্বাচনে দাঁড়াতে প্রস্তাব দেওয়া হয়েছে, সে বিষয়ে জানাতে চাননি মাহি।

খোঁজ নিয়ে জানা গেছে মাহিকে মিশা-ডিপজল প্যানেলের হয়ে কার্যকরী নির্বাহী পরিষদের সদস্যপদে নির্বাচন করার প্রস্তাব দেওয়া হয়েছে।

   

About

Popular Links

x