Monday, September 28, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘কপি’ বলে কি শাকিবের তুফানকে খোঁচা দিলেন আরশাদ আদনান?

শাকিব খানের ভক্তদের ক্ষোভ

আপডেট : ০৯ মে ২০২৪, ০৮:০৫ পিএম

নেট দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে শাকিব খান অভিনীত “তুফান” সিনেমার টিজার। মাত্র ২৪ ঘণ্টা পার না হতেই ফেসবুক ও ইউটিউবে কোটি ভিউর মাইলফলক অতিক্রম করে রায়হান রাফি পরিচালিত সিনেমাটির ১ মিনিট ২১ সেকেন্ডের টিজারটি।

আসন্ন ঈদ-উল-আজহায় সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। টিজারে শাকিব ভক্তদের উন্মাদনা দেখে ধারণা করা হচ্ছে সিনেমাটি প্রেক্ষাগৃহের অনেক রেকর্ডই ভেঙে দিতে পারে।

শাকিব খানের লুক, অ্যাকশন, অভিনয় সব মিলিয়ে এক ভিন্নধর্মী বার্তা দিচ্ছে টিজারটি। তবে জনপ্রিয়তার পাশাপাশি তুফান নিয়ে সমালোচনায়ও মেতেছেন অনেকে।

সিনেমায় শাকিব খানের লুকের সঙ্গে বলিউডের “অ্যানিমেল” সিনেমার রণবীর কাপুরের লুকের মিল রয়েছে এবং সিনেমাটির অ্যাকশনের সঙ্গে দক্ষিণ ভারতীয় সিনেমা “কেজিএফ”র মিল রয়েছে উল্লেখ করে “তুফান”কে ভারতীয় এই দুই সিনেমার “কপি” বলে মন্তব্য করছেন অনেকে। আর এতে বেশ ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে শাকিব খানের ভক্তদের।

আর এই ক্ষোভের আগুনেই যেন ঘি ঢেলে দিলেন আরশাদ আদনান। বুধবার (৮ মে) বিকেলে ৫টা ১৯ মিনিটে নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে আরশাদ আদনান লিখেছেন, “নকল পণ্যে বাজার সয়লাব। হ্যাঁ ভয় পাইছি? এত কপি এবং নকল দেখে।”

স্ট্যাটাসে কোনো নাম উল্লেখ না করলেও ভক্তরা অনুমান করেই নিয়েছেন এই খোঁচাটা “তুফান” সিনেমা নিয়ে। কারণ, “তুফান” সিনেমায় চঞ্চল চৌধুরীর মুখে একটি সংলাপ রয়েছে, “তুফান, খুব ভয় পাইছি রে”।

আর প্রযোজকের এই স্ট্যাটাসে একের পর এক মন্তব্য করে ক্ষোভ প্রকাশ করছেন শাকিব খানের ভক্তরা।

তবে অনেকের মনেই প্রশ্ন উঠেছে, শাকিবের সঙ্গে সম্পর্ক এতো ভালো হওয়ার পরও আরশাদ আদনান কেন এমন স্ট্যাটাস দিলেন। এক্ষেত্রে ধারণা করা হচ্ছে, মূলত শাকিব খানের প্রতি নয়; নির্মাতা রায়হান রাফীর প্রতিই আরশাদ আদনানের এমন খোঁচা।

কারণ, প্রকাশ্যে কেউ কিছু না বললেও আরশাদ আদনান ও রায়হান রাফীর মধ্যে চাপা মানসিক দ্বন্দ্বের গুঞ্জন রয়েছে। আর এই গুঞ্জনের সূত্রপাত “তুফান” সিনেমার পোস্টার প্রকাশকে কেন্দ্র করে। গত ঈদে “রাজকুমার” সিনেমা মুক্তির আগেই “তুফান”র পোস্টার প্রকাশ করেছিলেন রাফী। যেটা আরশাদ আদনান ভালোভাবে নেননি বলে গুঞ্জন রয়েছে।

এদিকে বুধবার দুপুরে নির্মাতা রায়হান রাফী ফেসবুক একটি স্ট্যাটাস দেন। যেখান তিনি লেখেন, “কিরে ভয় পাইছিস?” এর কয়েক ঘণ্টা পরই আরশাদ আদনান এই স্ট্যাটাসটি দেন। আর তাতেই অনেকে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিচ্ছেন।

   

About

Popular Links

x