Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘শহিদ জিয়া’ থাকায় জেমসের ‘বাংলাদেশ’ গান কি সত্যিই বাধার মুখে পড়েছিল?

বলা হচ্ছে গত ৮ বছর ‘বাংলাদেশ’ গানটি মঞ্চে গাইতে পারেননি জেমস। বিষয়টি নিয়ে কথা বলেছেন জেমসের মুখপাত্র

আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১২:০৬ পিএম

যে গান শুনলে পুরো বাংলাদেশকে চেনা যায়। দুই চোখ বন্ধ করে গানটি শুনলে ভেসে ওঠে বাংলাদেশের ইতিহাসে লেখা ব্যক্তিদের ছবি। “বাংলাদেশ” নামের এই ঐতিহাসিক গানটির মাধ্যমে উঠে এসেছে বঙ্গবন্ধু থেকে শহিদ জিয়াসহ দেশ গঠনের সঙ্গে যুক্ত প্রায় সব কীর্তিমানের নাম। গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ লেখা এই গানটিতে কণ্ঠ দিয়েছেন জেমস।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ছড়িয়ে পড়ে। সেখানে বলা হয়, “জেমস জানিয়েছেন গত ৮ বছর তিনি ‘বাংলাদেশ’ গানটি মঞ্চে গাইতে পারেননি। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, এতে স্থান পাওয়া ‘শহিদ জিয়া’ নামটি।”

তবে বিষয়টি কতটা সত্য, তা জানতে অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন কথা বলেছে জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিনের সঙ্গে।

এক প্রশ্নের জবাবে রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন, “দেখুন জেমস ভাই বরাবরই একজন পেশাদার মানুষ। ওনার কাছে প্রথম এবং শেষ ঠিকানা শ্রোতা-দর্শক। গানের সঙ্গে শ্রোতার সংযোগ ঘটানোর বাইরে ওনার আর কোনো উচ্চাভিলাষ নেই। ফলে রাজনৈতিক কোনো বক্তব্য বা কর্মকাণ্ডে আপনারা তাকে কখনও দেখেননি, আশা করছি দেখবেনও না। যে কথাটি ওনার নামে প্রচলিত হয়েছে, সেটি তার বক্তব্য নয়। এমনকি এ বিষয়ে এমন কোনো মন্তব্য কখনও তিনি করেননি।”

জেমসের সঙ্গে তার মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন/সংগৃহীত

তিনি আরও বলেন, “একজন পেশাদার শিল্পীর জীবন অনেক বিচিত্র হয়। যেটা আসলে অনেকে সাদা চোখে টের পান না বা বুঝতে চান না। বিশ্বের প্রতিটি কনসার্টের আলাদা আলাদা শ্রোতা থাকে, ডিজাইন থাকে, পরিবেশ থাকে, চাহিদাও থাকে। প্রতিটি শোয়ের আগে শিল্পী সেই মাপে তার প্লেলিস্ট সাজিয়ে থাকেন। আবার যারা ওই শো আয়োজন করেন, তাদেরও কিছু চেকলিস্ট বা অনুরোধ থাকে। শ্রোতাদেরও ইনস্ট্যান্ট চিরকুট থাকে। এর সব মিলিয়েই তো একটা শো বা কনসার্ট হয়।”

রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন, “ধরুন সব কনসার্টে তো আমরা ‘পাগলা হাওয়া’ পরিবেশন করি না। তেমনি ‘মীরাবাঈ’ কিংবা ‘মা’ গানটাও করি না। আবার এমন অনেক কনসার্ট হয় যেখানে ‘বাংলাদেশ’ গানটা করিনি বা করা হয়নি। এটা তো একটা চলমান প্রক্রিয়া। এটা নিয়ে রাজনীতির কিছু নেই তো। আমাদের প্লিজ রাজনীতিমুক্ত রাখুন।”

এবার যদি কেউ আপত্তি তোলে ‘বঙ্গবন্ধু’ নিয়ে! নগর বাউলের পক্ষে রুবাইয়াত ঠাকুর রবিন শক্তকণ্ঠে বললেন, “এটা নতুন এক বাংলাদেশ। সবাইকে নতুন করে ভাবতে হবে। রাজনৈতিক সংকীর্ণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তবেই তো বৈষম্যবিরোধী আন্দোলনের ফলাফল পাবো আমরা।”

বাংলাদেশের রক লিজেন্ড জেমস। চার দশকের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। তারই একটি হলো “বাংলাদেশ”। গানটি প্রকাশ হয়েছিল প্রিন্স মাহমুদের কথা-সুরে “পিয়ানো” অ্যালবামে। এতে গান গেয়েছেন আইয়ুব বাচ্চু ও জেমস। দুজনেই ৫টি করে গানে কণ্ঠ দিয়েছেন।

   

About

Popular Links

x