অর্ন্তবর্তীকালীন সরকারের প্রজ্ঞাপন জারির মধ্য দিয়েই শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক পদ থেকে অব্যাহতি পেলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।
সোমবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত জ্যেষ্ঠ সহকারী সচিব নিলুফার ইয়াসমিন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে জ্যোতিকা জ্যোতির অব্যাহতির বিষয়টি নিশ্চিত করা হয়।
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেন, “আজ এক প্রজ্ঞাপনের মধ্য দিয়ে শেষ হলো আমার প্রথম সরকারি চাকরি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমার চাকরির মেয়াদ থাকার পরও আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। আজ থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদের দায়িত্বে আমি আর নেই। লেখক,গবেষক,প্রকাশকদের অনুরুধ থাকলো আপনারা সরাসরি বিভাগে যোগাযোগ করবেন। দেড় বছরের এই যাত্রায় নতুন নতুন অভিজ্ঞতায় আমাকে ঋদ্ধ করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।”
উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পরই আলোচনায় আসা “আলো আসবেই” গ্রুপকাণ্ডে তার উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। শিক্ষার্থীদের পক্ষ নিয়ে যেসব তারকা রাজপথে ছিলেন তাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করতে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে। সব মিলিয়ে এই অভিনেত্রীর প্রতি প্রচণ্ড তিক্ততা সৃষ্টি হয়েছে সর্বমহলে।
গত সরকারের সময় শিল্পকলা একাডেমিতে চুক্তিভিত্তিক পরিচালক হিসেবে নিয়োগ পান অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। সে কারণেই সরকার পতনের পর শিল্পকলায় উপস্থিত হলে অসন্তোষ প্রকাশ করেন কর্মকর্তারা। এরপর জ্যোতিকে দেখে দরজা বন্ধ করে দেন তারা।



তোপের মুখে শিল্পকলা ছাড়তে বাধ্য হলেন জ্যোতিকা জ্যোতি