Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা

শুভ বিজয়ার একদিন আগেই সমুদ্র পাড়ে দুর্গারূপে ধরা দিলেন তিনি

আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১১:১৪ পিএম

শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটে অংশ নেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। দুর্গাপূজার শুভ বিজয়ার একদিন আগেই সমুদ্র পাড়ে দুর্গারূপে ধরা দিলেন তিনি।

গত বছর নওশাবা ঢাকার ব্যস্ততার প্রেক্ষাপটে দুর্গারূপে হাজির হন। এবার তার ফটোশুটের থিম “দুর্গার সমুদ্র”। তাই তার এবারের ছবিগুলোতে সমূদ্র বড় ভূমিকা পালন করেছে। প্রতিটি ছবিতে উঠে এসেছে সমুদ্র বিষয়ক নানা কার্যক্রম।

এই ফটোশুটের বিশেষ দিক হলো- সমসাময়িক রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক বিষয়গুলোকে দেবী রূপে নারী শক্তির প্রতীক হিসেবে তুলে ধরার চেষ্টা। নওশাবা দুর্গার বেশে ধর্মীয় সম্প্রীতি, সমুদ্রের পরিবেশ দূষণ, মাতৃরূপ, সাহায্যকারী রূপ ও ত্রাণকর্তার ভূমিকা তুলে ধরেছেন।

ত্রিশুল হাতে অভিনেত্রী নওশাবা/সংগৃহীত

ফটোশুট ও ভিডিওচিত্রের জন্য “টুগেদার উই ক্যান” এবং ফটোগ্রাফি এজেন্সি “মোমেন্টওয়ালা”র যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে। পরিচালনা ও ফটোগ্রাফি করেছেন নাজমুল হোসাইন। নওশাবাকে দেবী দুর্গার বেশে সাজিয়েছেন ইমন হোসেন। ফ্যাশন ব্র্যান্ড ‘অঙ্গরাগ কুটির’-এর শাড়ি আর জুয়েলারি ব্র্যান্ড ‘খুঁত’-এর গয়না পরেছেন তিনি। ভিডিওর সঙ্গীতায়োজন করেছেন ইজাজ ফারাহ। সিনেমাটোগ্রাফি ও এডিটিং-এ ছিলেন ইমরানুজ্জামান সোহাগ। এক্সিকিউটিভ প্রোডিউসার অমিত সিনহা।

অভিনেত্রী নওশাবা/সংগৃহীত

নওশাবা বলেন, “চার বছর ধরে মোমেন্টওয়ালার সঙ্গে দুর্গার ফটোশুট করে আসছি। এবারের থিম দুর্গার সমুদ্র। একজন শিল্পীর কাজই হচ্ছে বার্তা দেওয়া। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং নারীদের সঙ্গে যা হচ্ছে, শিল্পের মাধ্যমে সেই বার্তা দিতে চেয়েছি।

তিনি বলেন, “দুর্গা কেবল মন্দিরে পূজনীয় দেবী নন; তিনি প্রত্যেক নারীর আত্মার প্রতিফলন। এই আয়োজনের মাধ্যমে আমরা নারীশক্তির কথা বলেছি। আশা করছি, আয়োজনটি সবার ভালো লাগবে।”

কাজটি কতটা চ্যালেঞ্জিং ছিল, সে প্রশ্নে নওশাবা বলেন, “নতুন পরিস্থিতিতে কাজ করতে হয়েছে। অনেক ভয় ছিল, তবে কক্সবাজারের মানুষের সহযোগিতা ও উৎসাহের জন্য কাজটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।”

সমুদ্র পাড়ে নওশাবা/সংগৃহীত

   

About

Popular Links

x