রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অভিনয়শিল্পী সোহানা সাবা ও মেহের আফরোজ শাওনকে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাদের এখনও গ্রেপ্তার দেখানো হয়নি।
এদিকে ডিবি হেফাজতে নেওয়ার পর শুক্রবার সকালে তার পেজ থেকে একাধিক পোস্ট দেওয়া হয়েছে। পেজ থেকে তার আটক সংক্রান্ত কোনো পোস্ট দেওয়া হয়নি। তবে তার পেজের কোনো অ্যাডমিন আছে কি-না, তা জানা যায়নি।
সাবা ও শাওন এখনও ডিবি হেফজতে রয়েছেন বলে দুপুরে গণমাধ্যমকে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, “তাদের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। দুই অভিনেত্রীকে গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করছেন। এই বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।”
ডিবি পুলিশ জানিয়েছে, এই দুই অভিনেত্রীকে ডিবি কার্যালয়ে আনার পর থেকে গোয়েন্দারা তাদেরকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রসহ বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন। জিজ্ঞাসাবাদ শেষ না হওয়া পর্যন্ত এই দুই অভিনেত্রীর বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিবে না পুলিশ।
এর আগে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আটক করা হয় অভিনেত্রী সোহানা সাবাকে। এরপর অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় ডিবি কার্যালয়ে।
ডিবি সূত্রে জানা যায়, অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা তাদের নজরদারিতে ছিলেন। তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।
অন্যদিকে বৃহস্পতিবার রাত ৮টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।



ডিবিতে জিজ্ঞাসাবাদ চলছে শাওন-সাবার
অভিনয়শিল্পী সোহানা সাবাকে আটক করেছে ডিবি